নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক সাইদুর রহমান মারা গেছেন। সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চার দশকের বেশি সময় ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন সাইদুর রহমান। তিনি দৈনিক ভোরের কাগজের রাজশাহী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি দৈনিক করতোয়াসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
সাংবাদিক সাইদুর রহমান রাজশাহীর এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি সাবেক গভর্নর ও ভাষাসৈনিক আতাউর রহমানের ছেলে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাদার বখ্শের নাতি।
পরিবার ও সহকর্মীরা জানান, সোমবার দুপুরে মরহুমের মরদেহ রাজশাহী প্রেসক্লাব প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। পরে বাদ আসর হজরত শাহ মখদুম (র.) দরগা মসজিদে জানাজা শেষে হেতেমখাঁ গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

