ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠন মিলিয়ে সোমবার রাত ৭টায় শহরের আলহাজ মোড় থেকে মিছিলটি শুরু করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খায়রুজ্জামান বাবু বাসটার্মিনাল সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা জাতীয় বীর, পাবনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়া পিন্টুকে পাবনা-৪ আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবি জানান। জাকারিয়া পিন্টু সম্প্রতি স্বৈরাচার শেখ হাসিনার ট্রেনবহরে হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ার পর ফাঁসির মঞ্চ থেকে রেহাই পান।
ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস. এম. ফজলুর রহমান, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ খান, বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি, ইসলাম হোসেন জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রামে জাকারিয়া পিন্টুকে নানা হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং দীর্ঘ সময় কারাবন্দি রাখা হয়েছে। তারা চান, পাবনা-৪ আসনের প্রার্থী হোক একজন ত্যাগী ও সাহসী নেতা।
মশাল মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘হাবিবের মনোনয়ন মানি না, মানবো না’ ও ‘ছাত্রলীগের মনোনয়ন মানি না, মানবো না’সহ বিভিন্ন স্লোগান দেন।

