সিদ্ধান্ত বদল, জুয়েলসহ ৪ যুবদল নেতার বহিষ্কারাদেশ আবার বহাল

ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌর যুবদলের চার নেতার বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কেন্দ্রীয় যুবদল। তবে এর কিছুক্ষণ পরই নতুন বিজ্ঞপ্তিতে সেই সিদ্ধান্ত বদলে তাঁদের বহিষ্কারাদেশ বহাল রাখার কথা জানানো হয়।

বুধবার কেন্দ্রীয় যুবদল প্রথমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিকার, আকরুজ্জামান রাজু ও সদস্য মো. মতিয়ার রহমানের বহিষ্কারের সিদ্ধান্ত তুলে নেওয়ার কথা জানায়।

তবে ওই বিজ্ঞপ্তি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় যুবদল আরেকটি সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, এই চার নেতার বহিষ্কারের সিদ্ধান্ত বহাল থাকবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রকাশিত দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তি

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারের সিদ্ধান্ত তুলে নেওয়া হয়েছে।

এদিকে প্রথমে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শুরু করেন দলীয় নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। অনেকেই ফেসবুকে পোস্ট ও ছবি দিয়ে তাঁকে অভিনন্দন জানান এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানান। তবে কেন্দ্রীয় যুবদল অল্প সময়ের মধ্যেই সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আগের সিদ্ধান্ত বদলে ফেললে বিষয়টি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়।

এর আগে, জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির এক ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচার চালানোর অভিযোগে গত ২ ফেব্রুয়ারি ঈশ্বরদী পৌর ও উপজেলা যুবদলের এই চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন