ভাঙ্গুড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভাঙ্গুড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ভাঙ্গুড়ায় আদিবাসীদের অধিকার ও সরকারি সেবা নিশ্চিতে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: আদিবাসী জনগোষ্ঠীর সরকারি সেবা নিশ্চিত করা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ জোরদারের লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নে এক অ্যাডভোকেসি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার খানমরিচ ইউনিয়নের বিএম কলেজের হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে আদিবাসী সমবায় সমিতির সভাপতি বাবু জ্ঞানেন্দ্র মুরালি সভাপতিত্ব করেন।

সভার শুরুতে সূচনা বক্তব্যে 'ব্রেড'-এর প্রকল্প সমন্বয়কারী আশিকুর রহমান প্রকল্পের মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে করণীয় বিষয়গুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে আদিবাসী প্রতিনিধিরা স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে মাঠে নানা অবহেলার কথা জানান। আদিবাসী নারী প্রতিনিধি অনিতা মুরারি বৈষম্যহীন সেবা নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, আমরা সেবাকেন্দ্রে গেলে অনেক সময় অবমূল্যায়নের শিকার হই।

স্বাস্থ্য বিভাগের পক্ষে স্বাস্থ্য সহকারী শিমুল সরকার বলেন, আমরা স্বাস্থ্যসেবা দিতে সর্বদা প্রস্তুত। আপনারা যেকোনো সময় কমিউনিটি ক্লিনিকের সেবা গ্রহণ করতে পারেন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি রওশন আলীসহ অন্য প্রতিনিধিরা ইউনিয়ন পরিষদের সেবা ও সুবিধার চিত্র তুলে ধরেন।

সমাপনী পর্বে বিএম কলেজের শিক্ষক ড. এস এম সি মো আদিবাসীদের ওপর পরিচালিত নিজের গবেষণার অভিজ্ঞতা জানিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

সভাপতির বক্তব্যে বাবু জ্ঞানেন্দ্র মুরালি বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও সরকারি সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা জরুরি। তিনি সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ভাঙ্গুড়ায় যুবলীগ নেতা আটক, বিক্ষোভের পর ছেড়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: পাবনার ভাঙ্গুড়ায় রিপন সরকার নামে এক যুবলীগ নেতাকে আটক করে থানায় নেওয়ার পর ছাত্রদল নেতা ও গ্রামবাসীর বিক্ষোভের মুখে তাঁকে ছেড়ে দিয়েছে পুলিশ। পুলিশের দাবি, নাশকতার ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাঁকে আটক করা হয়েছিল।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে সন্ধ্যায় উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে রিপন সরকারকে আটক করে পুলিশ। তিনি ওই গ্রামের হাবিবুর সরকারের ছেলে এবং ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাশকতায় জড়িত থাকার সন্দেহে রিপন সরকারকে আটক করে থানায় নেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে তাঁকে ছাড়িয়ে নিতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে দুই শতাধিক গ্রামবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এরপর ওসির কক্ষে পুলিশ, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম সোহেল এবং গ্রামের কয়েকজন শীর্ষ ব্যক্তি আলোচনায় বসেন। পরে রাত সাড়ে ১০টার দিকে রিপন সরকারকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেল বলেন, তাঁদের গ্রামের স্বার্থে একটি খাসজমির ওপর বাজার বসানো হয়েছে। এ নিয়ে গ্রামে বিরোধ চলছে। এক ব্যক্তির স্বার্থে রিপন সরকারকে থানায় আটক করে আনা হয়েছে। তাই তাঁরা থানায় গিয়েছিলেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, রিপন সরকার ওয়ার্ড যুবলীগের সভাপতি। নাশকতার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করে থানায় আনা হয়েছিল। তবে তাঁর সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় মুচলেকা নিয়ে গ্রামবাসীর জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন