ঈশ্বরদীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘মারবো ডেঙ্গু গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদলের একাংশ যৌথভাবে এই উদ্যোগ নেয়।

বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সূচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন পাল। উদ্বোধনের পর হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশক নিধনে কীটনাশক স্প্রে ছিটানো এবং একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়েছে। ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, ফুলের টব ও বিভিন্ন পাত্রে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্ম নেয়। হাসপাতাল প্রাঙ্গণ ও নিজ নিজ বসতবাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।

পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক টুটুল সরদার, সদস্যসচিব শাহাবুদ্দিন সেন্টু সরদার, পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল, সদস্যসচিব আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আনোয়ারুল বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হীরক সরদার এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল হক মুকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন