ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জুয়েলসহ চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বুধবার কেন্দ্রীয় যুবদলের দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে আগে বহিষ্কৃত ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিকার, আকরুজ্জামান রাজু এবং সদস্য মো. মতিয়ার রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির এক ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে ২ ফেব্রুয়ারি  ঈশ্বরদী পৌর ও উপজেলা যুবদলের এই চারজন নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন