নিজস্ব প্রতিবেদক: পাবনার ভাঙ্গুড়ায় রিপন সরকার নামে এক যুবলীগ নেতাকে আটক করে থানায় নেওয়ার পর ছাত্রদল নেতা ও গ্রামবাসীর বিক্ষোভের মুখে তাঁকে ছেড়ে দিয়েছে পুলিশ। পুলিশের দাবি, নাশকতার ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাঁকে আটক করা হয়েছিল।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে সন্ধ্যায় উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে রিপন সরকারকে আটক করে পুলিশ। তিনি ওই গ্রামের হাবিবুর সরকারের ছেলে এবং ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাশকতায় জড়িত থাকার সন্দেহে রিপন সরকারকে আটক করে থানায় নেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে তাঁকে ছাড়িয়ে নিতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে দুই শতাধিক গ্রামবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এরপর ওসির কক্ষে পুলিশ, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম সোহেল এবং গ্রামের কয়েকজন শীর্ষ ব্যক্তি আলোচনায় বসেন। পরে রাত সাড়ে ১০টার দিকে রিপন সরকারকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেল বলেন, তাঁদের গ্রামের স্বার্থে একটি খাসজমির ওপর বাজার বসানো হয়েছে। এ নিয়ে গ্রামে বিরোধ চলছে। এক ব্যক্তির স্বার্থে রিপন সরকারকে থানায় আটক করে আনা হয়েছে। তাই তাঁরা থানায় গিয়েছিলেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, রিপন সরকার ওয়ার্ড যুবলীগের সভাপতি। নাশকতার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করে থানায় আনা হয়েছিল। তবে তাঁর সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় মুচলেকা নিয়ে গ্রামবাসীর জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

