নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে পদ্মা নদীতে মাছ ধরা ও জাল চুরিকে কেন্দ্র করে রেজাউল ইসলাম নামের এক জেলেকে কুপিয়ে জখম ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী জেলের পরিবার ও এলাকাবাসী।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া গ্রামে আহত জেলের বসতবাড়ি সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
আহত রেজাউল ইসলাম চরকুড়ুলিয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন একই গ্রামের নাইম, সোহেল, রুবেল, উজ্জ্বল ও আলেপ।
রেজাউলের স্ত্রী তাহমিনা খাতুন ঘটনার দিনই বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। তবে ঘটনার পর আসামিদের গ্রেপ্তারে প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা না দেখে বিচারের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বিক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা বর্তমানে পলাতক। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

















.jpg)
.jpg)
