রূপপুর প্রকল্প বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের স্টেশন সড়কের ফকিরের বটতলায় ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং পেশাজীবীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা রূপপুর প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করা ও নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর দাবি জানান।

সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান। তিনি বলেন, নানা কারণেই প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কার্যক্রম বারবার পিছিয়ে গেছে। তবে চলতি মাসেই সঞ্চালন লাইন নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে এবং ডিসেম্বরে ‘স্টার্টআপ’ প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে একটি মহল ‘দাবি আদায়ের’ নামে প্রকল্প এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে, যা প্রকল্পের জন্য উদ্বেগজনক। এতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি পুরো প্রকল্পের অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

লিখিত বক্তব্যে আরও জানানো হয়, রাশিয়ার মূল ঠিকাদারী প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্ট ও এর কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা দাবি করেছেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তারা নিরাপত্তাহীনতা অনুভব করছেন। কারণ, প্রকল্প এলাকার ভেতরে উত্তেজনা ও বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। রূপপুর প্রকল্পটি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সরাসরি নজরদারিতে রয়েছে। এ ধরনের পরিস্থিতি প্রকল্পের ভবিষ্যৎ লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে।

এ সময় বক্তারা প্রকল্পের সুরক্ষা নিশ্চিতে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার আহ্বান জানান এবং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আলমগীর, বিএনপি নেতা মনিরুজ্জামান টুটুল, শামসুজোহা পিপ্পু, রফিকুল ইসলাম রকি, ইমরুল কায়েস সুমন, আনোয়ার হোসেন জনি, আবু সাঈদ লিটন ও শামীম আরা সাথী।

মানববন্ধনের আগে চাঁদ আলী মোড় থেকে ফকিরের বটতলা পর্যন্ত কয়েকটি মিছিল বের হয়। এসব মিছিল থেকে রূপপুর প্রকল্পবিরোধী ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদ জানিয়ে স্লোগান দেওয়া হয়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন