ঈশ্বরদীতে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও

নিজস্ব প্রতিবেদক:  নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃপক্ষ ঈশ্বরদীতে বিদ্যুতের প্রিপেইড মিটার বসানোর উদ্যোগ নিয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও, বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরে এই কর্মসূচি পালন করেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সদস্যরা। এর আগে বাজারের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা বলেন, প্রিপেইড মিটার বসানো হলে সাধারণ মানুষ উপকারের বদলে হয়রানির শিকার হবেন। ইতিমধ্যে রাজশাহী ও রংপুরে গ্রাহকরা নানা বিড়ম্বনার মুখে পড়েছেন। তাঁরা দাবি করেন, এই মিটার ব্যবস্থায় আগাম টাকা কেটে নেওয়া হচ্ছে, চার্জ ও কমিশনের নামে গ্রাহকদের পকেট কাটা হচ্ছে।

বক্তারা আরও বলেন, বিদ্যুৎ একটি সরকারি সেবাখাত। অথচ এই খাতে গ্রাহকের কাছ থেকে আগেই অর্থ আদায় করা হচ্ছে, যা অযৌক্তিক ও অমানবিক। এ সময় বক্তারা ঈশ্বরদীতে প্রিপেইড মিটার বসানোর কার্যক্রম বন্ধের জোর দাবি জানান এবং ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. নান্নু রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন জনি, নির্বাহী সদস্য রবিউল আওয়াল সজীব প্রামাণিক, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ লিটন প্রমুখ।

পথসভা শেষে আন্দোলনকারীরা মিছিলসহকারে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যুৎ অফিস ঘেরাও করেন। প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি শেষে নেসকো কার্যালয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন