সাত দফা দাবিতে ঈশ্বরদীতে কৃত্রিম প্রজনন সহকারীদের কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক: বেতনসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন সহকারীরা।  বুধবার দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার হাসপাতাল সড়কে জেলা কৃত্রিম প্রজনন কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পাবনা জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রেজাউল করিম। কর্মসূচিতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা সভাপতি আলী আশরাফ, সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, চাটমোহর উপজেলার সভাপতি আশরাফুল ইসলাম, সাঁথিয়া উপজেলার সভাপতি আলমগীর হোসেন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মনসুর হোসেন, প্রচার সম্পাদক আলাউদ্দিন আলী আজাদ এবং অর্থ সম্পাদক কামরুজ্জামান বাবু।

বক্তারা বলেন, 'আমরা টানা ২০ মাস ধরে বেতন পাচ্ছি না। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছি। রোদ-বৃষ্টি উপেক্ষা করে আমরা মাঠে কাজ করি, অথচ আমাদের কাজের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। আমাদের পরিশ্রমেই দেশের মানুষ দুধ-মাংসের চাহিদা পূরণ করতে পারছে। প্রতিবছর আমরা প্রায় ৭০ কোটি টাকা সরকারের রাজস্বে যোগ করি।' 

তাঁরা আরও বলেন, 'আমাদের এই ন্যায্য দাবি না মানা হলে আগামী ১৬ এপ্রিল ঢাকায় গিয়ে কাপড় মাথায় বেঁধে একদফা দাবিতে আন্দোলনে যাব এবং কৃত্রিম প্রজননের সব কার্যক্রম বন্ধ করে দেব। পৃথিবীর কোনো দেশেই কাজ করেও দীর্ঘদিন বেতন না পাওয়ার মতো ঘটনা নেই। অথচ আমাদের সঙ্গে এমন বৈষম্য করা হচ্ছে।' 

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন