ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার চররূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভেজ রেজার অপসারণ ও তাঁর বিরুদ্ধে দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন হয়েছে।

শনিবার সকালে বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন রূপপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আমিরুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাসুদ রানা, উপজেলা যুবদলের সাবেক সদস্য নাঈমুর রহমান লালচাঁদ, প্রাক্তন শিক্ষার্থী শিবলু আহম্মেদসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, পারভেজ রেজা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় জড়িত। ২০০৬ সালে তিনি বাঘইল স্কুলে কর্মরত থাকাকালে এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে সাময়িক বরখাস্ত হন। পরে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চাকরিতে ফিরে আসেন। ২০১১ সালে চররূপপুর স্কুলে যোগদানের পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ, অফিস কক্ষে ধূমপান, শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিষ্কার করানো, পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়ম ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের মতো একাধিক নির্দিষ্ট অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

বক্তারা জানান, এসব অভিযোগ নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর জেলা শিক্ষা কর্মকর্তা তদন্তের নির্দেশ দিলেও প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এতে সুষ্ঠু তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন