ঈশ্বরদীতে শিশু বলাৎকারকারীর গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে  ৮ বছর বয়সী স্কুলছাত্রকে বলাৎকারের প্রতিবাদে এবং অভিযুক্ত অটোরিকশা চালককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

রোববার বিকেলে উপজেলার বড়ইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক তারানা আফরোজ, সানজিদা খাতুন, আব্দুর রকিব, নাহার আক্তার ও জসিম উদ্দিন। স্থানীয়দের মধ্যে ছিলেন মনজুর, আলম ফকির, মিনারুল বিশ্বাস, শাহিন হোসেন, খাইরুল ইসলাম, শহিদুল ফকির, রেজাউল সরদার, রেহানা খাতুন, নিঝুম বেগম, আব্দুল কুদ্দুস, আলম ফকির এবং ভুক্তভোগীর মা।

উল্লেখ্য গত ২৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বড়ইচরা স্কুলপাড়া গ্রামে নির্জন একটি লিচু বাগানে শিশুটিকে ডেকে নিয়ে একই গ্রামের অটোরিকশা চালক আব্দুর রহিম (৬০) বলাৎকার করেন। এ ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় লিখিত এজাহার জমা দেয়ার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

বড়ইচারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন সুলতানা বলেন, সমাজে এ ধরনের হীনমনের মানুষ অনেক রয়েছে। এদের দ্বারা সমাজে ঘৃণিত কাজ হয়ে থাকে। এ ধরনের ঘটনার পর থেকে শিশুরা মানসিক ভাবে ভেঙে পড়ে। কারও সঙ্গে খুব একটা কথা বলেনা, বাড়ির বাইরে খেলতেও যায় না। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাপক ক্ষতি হয়। অভিযুক্ত আব্দুর রহিমকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুর নূর জানান, অভিযোগ পেয়ে তদন্তের জন্য একজন পুলিশ অফিসারকে নিযুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তের পরপরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুর রহিম পলাতক আছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন