নিজস্ব প্রতিবেদন: খেড়ের দাইড় এলাকায় আলোচিত আয়েশা বেগম হত্যার মূল আসামিদের দ্রুত আইনের আওতায় আনার এবং মামলাকে অন্য খাতে নেওয়ার চেষ্টা প্রত্যাখ্যান করে স্থানীয় নারী ও পুরুষরা বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার বিকালে উপজেলার ছলিমপুর ইউনিয়নের খেড়ের দাইড় এলাকায় নিহত আয়েশা বেগমের বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে পিন্টু প্রামাণিক।
পিন্টু প্রামাণিক বলেন, 'আমরা গভীর দুঃখ ও শোকের মধ্যে জানাচ্ছি, স্থানীয় সুমন, বারিক, চাঁদু, ইয়াকুব ও জাব্বারুল গংরা আমাদের বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আচমকা হামলা চালায়। আমার ভাই সালাম বাধা দেওয়ার চেষ্টা করলে তার উপর আক্রমণ চালানো হয়। এ সময় মা এগিয়ে আসলে তার উপরও হামলা চালানো হয়, যার ফলশ্রুতিতে তিনি ঘটনাস্থলেই মারা যান। আমরা শোকে কাতর যখন, ঠিক তখনই আসামিরা মামলাকে অন্য খাতে নেওয়ার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিও দেখানো হচ্ছে, যেখানে একজন মহিলার অন্ধকার ঘরে পড়ার দৃশ্য দেখানো হয়েছে; কিন্তু লাইট জ্বালানোর পর সে একাই উঠে যান। এটি সম্পূর্ণভাবে সাজানো, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা।'
তিনি প্রশাসন ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে দাবি করেন, 'অভিলম্বে সকল আসামিকে গ্রেফতার করে দ্রুত সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।'
সংবাদ সম্মেলনের পর আয়েশা হত্যার মূল আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে এলাকার শত শত নারী ও পুরুষ বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে মানববন্ধন আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিহতের ছেলে পিন্টু প্রামাণিক, সালাম প্রামাণিক, হেলাল প্রামাণিক, পুত্রবধূ বেদেনা, মমতাজ বেগম ও নাসিমা বেগম।

