আটক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আটক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে দাম্পত্য কলহে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক: দাম্পত্য কলহের জেরে ঈশ্বরদীতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম শারমিন আক্তার লিমা (২৫)। স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আশিকুর রহমান শাওনকে রোববার সকালে আটক করে পুলিশ।

লিমা পার্শ্ববর্তী জয়নগর গ্রামের মৃত আদম আলী মণ্ডলের মেয়ে। ছয় বছর আগে তার সঙ্গে শাওনের বিয়ে হয়। এই দম্পতির তিন বছরের এক কন্যাসন্তান রয়েছে।

লিমার ভাই রাজন আলী জানান, তার বোনকে হত্যার পর দৃশ্য আড়াল করতে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয়। রাত সাড়ে তিনটার দিকে তাকে ফোন করে আত্মহত্যার কথা বলা হলেও ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, লিমার দেহ খাটে শোয়ানো রয়েছে এবং শাওন পাশেই বসে আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য বিষয়ে বিরোধপূর্ণ সম্পর্ক ছিল এই দম্পতির। এ নিয়ে ইতোপূর্বে একাধিকবার স্থানীয়ভাবে শালিশও করা হয়।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাকিউল আযম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামীকে আটক করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.স.ম. আব্দুন নূর বলেন, প্রাথমিকভাবে জিডি অনুযায়ী ময়নাতদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তদন্ত করে বিস্তারিত জানার পর মামলা নথিভুক্ত করা হবে।

পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার ঈশ্বরদী ছাত্রলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশব (২৭) কাতারে পালানোর চেষ্টা করার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শৈশব পিয়ারাখালী জামতলা মহল্লার ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিনের ছেলে। শুক্রবার বিকেলে বিমানবন্দরের নিয়ন্ত্রণ কেন্দ্রে থেকে ধরা পড়ে।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট শহরে যুবদল কর্মী নজরুল ইসলাম গুলিবিদ্ধ হন। এই ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে ৭১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮০–৯০ জনকে আসামি করেন। শৈশবও ওই মামলার একজন আসামি ছিলেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, 'ঈশ্বরদীতে যুবদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ কয়েকজনের নাম আদালতের নির্দেশে ইমিগ্রেশনে পাঠানো হয়েছিল। শৈশব বিমানবন্দরে পৌঁছালে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়।'

থানার ওসি আ ফ ম আব্দুর নূর বলেন, শৈশব ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার মামলায় এজাহারে ১০ নম্বর আসামি ছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ঈশ্বরদীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় কার্যক্রম নিষিদ্ধ হাওয়া আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকেলে শহরের মধ্য অরণকোলা এলাকার একটি বাড়ি থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিনহাজ ফকিরকে আটক করা হয়।

এর আগের দিন শুক্রবার রাতে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. নাজিম উদ্দিন রনিকে শহরের একটি ইটভাটা থেকে গ্রেপ্তার করে  থানা পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানের ছেলে।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এ দুজন এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে তাঁরা পলাতক ছিলেন। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, হামলার মামলার অন্য আসামিদের আটকে অভিযান চলমান রয়েছে।

ঈশ্বরদীতে ভুয়া বিমান কর্মকর্তা সেজে প্রতারণা, তিনজন আটক

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে শহরের ফতেমোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নিউ কলোনি এলাকার আজগর হোসেনের ছেলে আল আমিন (২২), বাপ্পি আলমের ছেলে শিহাব হোসেন (২০) এবং মৃত দিলসের ছেলে মো. নাদিম হোসেন (২৯)।

পুলিশ তাদের কাছ থেকে তিনটি ওয়াকিটকি, বিমানবাহিনীর ভুয়া পরিচয়পত্রসহ বেশ কিছু কাগজপত্র জব্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিজেকে বিমানবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারকেরা ফতেমোহাম্মদপুর এলাকার এক ওয়ার্কশপ মালিক জাবেদ খানের দুই ছেলেকে ‘ড্রোন গার্ড’ পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়। এ জন্য তারা মোট ১০ লাখ টাকা দাবি করে।

২ এপ্রিল জাবেদের কাছ থেকে প্রথম দফায় ৬ লাখ ৪০ হাজার টাকা নেওয়া হয়। এরপর ‘ভেরিফিকেশন’ ও ‘মিষ্টি খাওয়ানোর’ কথা বলে আরও ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করে চক্রটি।

জানা গেছে, চাকরিপ্রার্থীদের রাজশাহীতে নিয়ে গিয়ে সামান্য শারীরিক প্রশিক্ষণ দেওয়া হয় এবং কিছু রেশনসামগ্রী হাতে তুলে দেওয়া হয়। এরপর বলা হয়, আগামী ১৮ মে নিয়োগপত্র দেওয়া হবে।

২০ মে তারা জাবেদের বাড়িতে গিয়ে একটি অস্বাভাবিক চুক্তিপত্র দেয়। এতে সন্দেহ হলে জাবেদ খান ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গোপনে তদন্ত চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঈশ্বরদীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিন্টু গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে রূপপুর এলাকায় নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, গত ৫ আগস্টের ঘটনার পর ঈশ্বরদীর বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আত্মগোপনে চলে গেলেও সাইফুজ্জামান পিন্টুর নামে তখন কোনো মামলা না থাকায় তিনি নিয়মিত দপ্তরে দায়িত্ব পালন করে আসছিলেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত ঘটনার তদন্তে সাইফুজ্জামান পিন্টুর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঈশ্বরদীতে ছাত্র আন্দোলনে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা আটক

প্রতীকী ছবি

ঈশ্বরদীতে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন (৫৮) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ১১টার দিকে সাহাপুর ইউনিয়নের গড়গড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত আগস্টে ঈশ্বরদীর দাশুড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা হয়। এতে কয়েকজন আহত হন। এ ঘটনায় ১৯ আগস্ট ওসামা হোসেন নামে একজন থানায় মামলা করেন।

ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম শহীদ জানান, মামলায় এখন পর্যন্ত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুক্তার হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।

সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আ.লীগ নেত্রী পিয়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:  পাবনা জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর আহমেদ শরীফ ডিলুর মেয়ে মাহজেবীন শিরিন পিয়া শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে ঈশ্বরদী শহরের হাসপাতাল সড়ক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করেছেন।

ওসি জানান জানান, আওয়ামী লীগ নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পিয়ার বিরুদ্ধে গেল বছর বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে ঈশ্বরদী থানা থেকে পাবনা আদালতে পাঠানো হচ্ছে।

পুলিশ জানায়, মাহজেবীন শিরিন পিয়া গাঁ ঢাকা দিয়েছিলেন। তবে মাঝেমধ্যেই তিনি ঈশ্বরদীতে আসতেন। আজ ভোরে ঈশ্বরদীতে অবস্থান করছেন জেনে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পিয়া শরীফ এর আগে পাবনা জেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগ আমলে পাবনা-৪ আসনে সংসদ সদস্য প্রার্থিতার জন্য দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর স্ত্রী।

রূপপুর প্রকল্পের : দুমালামাল চুরিইজন আটক

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মালামাল চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- চররূপপুর গ্রামের মজনু সরদার (৪৫) ও মন্টু সরদার (৪০)।

এদিকে শুক্রবার সকালে প্রকল্পের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা পদ্মা নদীর চর এলাকায় অভিযান চালান। অভিযানে প্রকল্প থেকে চুরি যাওয়া লোহার ক্যাবল, ধাতব পাতসহ মূল্যবান সরঞ্জাম উদ্ধার করা হয়। এগুলোর বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 নয়ন কুমার সাহা বলেন, “অপরাধের সঙ্গে কোনো আপস হবে না। প্রকল্পের মালামাল চুরি রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”
মনিরুল ইসলাম জানান, “আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে হাজির করা হলে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। চুরির ঘটনায় পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

ফার্মগেটে আটকের পর থানায় ঈশ্বরদীর সাবেক মেয়র

নিজস্ব প্রতিবেদক:
ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আটক করেছে পুলিশ।

সোমবার বেলা ১২টার দিকে ফার্মগেটের লেগুনা স্ট্যান্ডের কাছে স্থানীয় কয়েকজন তাকে আটক করে।

জানা যায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা আবুল কালাম আজাদ মিন্টু পূর্ব রাজাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। সেদিন তাকে আনন্দ সিনেমা হলের ভেতরে আটকে রেখে বড় অংকের অর্থ দাবি করা হয়। খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন বলেন, 'ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে স্থানীয়রা ফার্মগেট এলাকায় আটক করে রাখে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করি এবং থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রয়েছে। সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা এসে তাকে নিয়ে যাবে।'

ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, 'তেজগাঁও থানা থেকে তাকে ঈশ্বরদী থানায় নিয়ে আসা হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

ঈশ্বরদীতে সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার বিকেলে তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনা ঘটেছে ঈশ্বরদী উপজেলায়। 

গ্রেপ্তার হওয়া যুবক হলেন সাগর মন্ডল (২৭) । উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের দাউদ মন্ডলের ছেলে তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে কিশোরীকে বিয়ে করেন তিনি। পরে নানা কারণে স্বামী-স্ত্রীর মিল না হওয়ায় তাঁদের সম্পর্কের বিচ্ছেদ হয়। তবে বিয়ের পরে স্বামী-স্ত্রীর সুসম্পর্কের সময় স্ত্রীর কিছু নগ্ন ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করেছিলেন সাগর। সম্প্রতি সাবেক স্ত্রীর নামে একটি ভুয়া আইডি খুলে সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেন তিনি। পরে বিষয়টি নিয়ে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী।

সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘পর্নোগ্রাফি আইনে মামলা রেকর্ড করা হয়েছে। মামলার পর ওই আসামিকে গ্রেপ্তার করে রোববার কোর্টে পাঠানো হয়েছে।’

ঈশ্বরদীতে ট্রেনের তেল চুরি করে বিক্রির সময় রেলকর্মচারীসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: ট্রেনের পাওয়ার কার থেকে তেল চুরি করে বিক্রির সময় রেলকর্মচারীসহ দুজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী রাজশাহীর গোয়েন্দা শাখার সদস্যরা। এ সময় ৪৫ লিটার রেলওয়ের ডিজেল জব্দ করা হয়।

রোববার রাত ৮টার দিকে রাজশাহী-ঈশ্বরদী রেলরুটের আজিমনগর রেলওয়ে স্টেশন থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। সোমবার (৭ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে আটককৃতদের পাবনা কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলেন, বগুড়ার আদমদিঘী উপজেলার ছাকনী গ্রামের মৃত তাহের সরদারের ছেলে আন্তঃনগর কমিউটার এক্সপ্রেসের পাওয়ার কার ড্রাইভার (ইলেকট্রিক ফিটার) হেলাল উদ্দিন (৩৭) এবং নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার বিরোপাড়া গ্রামের মৃত আকিমুদ্দিনের ছেলে রোকনুজ্জামান রোকন (৪৫)।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) রাজশাহী গোয়েন্দা শাখার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উজ্জল আলী  জানান, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঈশ্বরদী রেলরুটের বিভিন্ন স্টেশনে অসাধু কিছু রেলওয়ে কর্মচারী ট্রেনের পাওয়ার কার থেকে রেলওয়েতে ব্যবহৃত ডিজেল চুরি করে গোপনে বিক্রি করে আসছিল। 

রোববার (৬ আগস্ট) রাতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার রাজশাহীর একটি টিম সাদা পোশাকে রাজশাহী থেকে ঈশ্বরদী অভিমুখী আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনে যাত্রা করি। ট্রেনটি রাজশাহী-ঈশ্বরদী রেলপথের আজিমনগর রেল স্টেশনে পৌঁছালে বাংলাদেশ রেলওয়েতে ব্যবহৃত ডিজেল তেল ভর্তি ৬টি জার ও রেলওয়ে কর্মচারী পাওয়ার কারের ড্রাইভার হেলালের হাত থেকে দুটি প্লাস্টিকের ব্যাগ আজিমনগর স্টেশনে দাঁড়িয়ে থাকা রোকনের কাছে দেওয়ার সময় আমরা হাতেনাতে তাদের আটক করি। এসময় ৬টি জার ভর্তি ৪৫ লিটার ডিজেলসহ তাদের ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কারাগারে নিয়ে আসা হয়। 

ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, রাজশাহী থেকে আসা ঈশ্বরদীগামী আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনের ৫৪১৮ নাম্বার পাওয়ার কার থেকে ৪৫ লিটার ডিজেল তেল চুরি করে বিক্রির সময় রেলওয়ে পাওয়ার কারের ড্রাইভারসহ ক্রেতাকে হাতেনাতে আটক করা হয়। তাদের নামে মামলা নথিভুক্ত করার পর রেলওয়ে জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুজ্জামান রোমেল জানান, চুরি করে তেল বিক্রির ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা বাদী হয়ে ঈশ্বরদী রেলওয়ের জিআরপি থানার অভিযোগ দিয়েছেন। মামলাটি রুজু করে সোমবার সকালে আটক হওয়া দুই জনকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন