ঈশ্বরদীতে পথচারী নারীদের প্রতি অশালীন আচরণ: সেই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে পথচারী নারীদের উদ্দেশে অশালীন আচরণ ও উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আজ বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ। তিনি জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার পূর্ব টেংরি আলিয়া মাদ্রাসা রোডে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাইসাইকেলে চড়ে আসা এক যুবক পথচারী নারীদের উদ্দেশে অশালীন আচরণ করছেন। ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা ও নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্ত যুবকের শাস্তির দাবি ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক যুবকের নাম সোহাগ হোসেন। তিনি উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া এলাকার তোরাফ ডাক্তারের ছোট ছেলে এবং ঈশ্বরদীর একটি কারখানার শ্রমিক। এলাকাবাসীর একাংশের দাবি, ওই যুবক মানসিকভাবে ভারসাম্যহীন এবং আগেও এ ধরনের অসংলগ্ন আচরণ করেছেন।

ঘটনার পর ভুক্তভোগী এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে যুবকের শাস্তি দাবি করেন এবং নারীদের নিরাপদে চলাচলের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বিষয়টি নজরে আসার পর ঈশ্বরদী থানা-পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে হেফাজতে নেয়। 

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন