গৃহবধূ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গৃহবধূ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে দাম্পত্য কলহে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক: দাম্পত্য কলহের জেরে ঈশ্বরদীতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম শারমিন আক্তার লিমা (২৫)। স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আশিকুর রহমান শাওনকে রোববার সকালে আটক করে পুলিশ।

লিমা পার্শ্ববর্তী জয়নগর গ্রামের মৃত আদম আলী মণ্ডলের মেয়ে। ছয় বছর আগে তার সঙ্গে শাওনের বিয়ে হয়। এই দম্পতির তিন বছরের এক কন্যাসন্তান রয়েছে।

লিমার ভাই রাজন আলী জানান, তার বোনকে হত্যার পর দৃশ্য আড়াল করতে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয়। রাত সাড়ে তিনটার দিকে তাকে ফোন করে আত্মহত্যার কথা বলা হলেও ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, লিমার দেহ খাটে শোয়ানো রয়েছে এবং শাওন পাশেই বসে আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য বিষয়ে বিরোধপূর্ণ সম্পর্ক ছিল এই দম্পতির। এ নিয়ে ইতোপূর্বে একাধিকবার স্থানীয়ভাবে শালিশও করা হয়।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাকিউল আযম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামীকে আটক করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.স.ম. আব্দুন নূর বলেন, প্রাথমিকভাবে জিডি অনুযায়ী ময়নাতদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তদন্ত করে বিস্তারিত জানার পর মামলা নথিভুক্ত করা হবে।

ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সান্তনা রানী গুপ্ত (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী পৌরসভার পশ্চিম টেংরি কাচারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সান্তনা রানী ওই এলাকার বাসিন্দা টুটুল কুমার গুপ্তের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সান্তনা রানীর বাড়ির শোবার ঘরের টিনের চালের ওপর একটি পচা কাঁঠাল পড়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। সেটি সরাতে গিয়ে তিনি টিনে হাত দেন। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তিনি। পরিবারের সদস্যরা তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সান্তনা রানীর শেষকৃত্য সম্পন্নের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন