ফরিদপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফরিদপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পাবনায় ৫০০ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: পাবনার ফরিদপুর উপজেলায় ৫০০ বোতল ফেনসিডিলসহ মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোডাউন মোড়ে স্থাপিত পুলিশ চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়। মিরাজুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে।

পুলিশ জানায়, জেলাজুড়ে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় গোডাউন মোড়ে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি সিলভার রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে পেছনের ডালা থেকে সাদা রঙের তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভেতরে নেটের ব্যাগে মোড়ানো অবস্থায় ৫০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় গাড়িচালক মিরাজুল ইসলামকে আটক করা হয়।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ফেনসিডিলের চালানটি চুয়াডাঙ্গা থেকে পাবনা ও সিরাজগঞ্জ হয়ে ঢাকায় নেওয়া হচ্ছিল। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত, আহত ২০

সংবাদ সাতদিন ডেস্ক: ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে সদরের মল্লিকপুরে করিমপুর জোড়া সেতুর কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এসময় আহত হয়েছেন ২০ জনেরও বেশি। এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মারুফ হোসেন জানান, ঢাকার আব্দুল্লাপুর থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী গ্রীন এক্সপ্রেস বাসের সঙ্গে সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহন বাসের মুখোমুখি এ সংঘর্ষ হয়।

নিহতদের সবাই খাগড়াছড়ি পরিবহনের যাত্রী ছিল।

করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী জানান, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়।

দুর্ঘটনায় জড়িত বাস দুটি করিমপুর হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

ইলেকশনে ছক্কা মেরে দিও : সাকিবকে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মাগুরা-১ আসনে প্রথমবারের মতো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। তাকে এবারের নির্বাচনে ছক্কা মেরে দিতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, আমাদের একটা রত্ন আছে। এই রত্নটা ক্রিকেট রত্ন। মাগুরা-১ আসনে আমরা এবার নমিনেশন দিয়েছি সাকিব আল হাসান। সে বলেছে বক্তৃতা দিতে পারে না। আমি বলেছি বক্তৃতা দেওয়ার দরকার নাই। তুমি শুধু বলবা তুমি ছক্কা মারতে পারো, আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে। এইবারও ইলেকশনে ছক্কা মেরে দিও।   

 এ আগে বিকেল ৩টা ১৩ মিনিটে জনসভাস্থল শহরের রাজেন্দ্র কলেজ মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জনসভায় মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান, মাগুরা , রাজবাড়ী ও ফরিদপুর জেলার সব আসনের আওয়ামী লীগের প্রার্থীসহ কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর পৌঁছে সার্কিট হাউসে আসেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৩টা ১৩ মিনিটে সরকারি রাজেন্দ্র কলেজের জনসভায় যোগ দেন। জনসভা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে স্লোগান ও অভিবাদন দিয়ে বরণ করে নেন।

জনসভায় সভাপতিত্ব করছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩(সদর) আসনের প্রার্থী শামীম হক।

এদিকে আওয়ামী লীগ সভাপতির ফরিদপুর সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভায় যোগ দিতে সকাল থেকেই রাজেন্দ্র কলেজ মাঠে আসতে শুরু করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। নানা রঙের শাড়ি, রঙিন ক্যাপ-পোশাক পরে বাঁশি বাদ্যযন্ত্র বাজিয়ে মাঠে আসেন দলীয় সমর্থকরা। সঙ্গে ছিল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড। দুপুর ১টা ৮ মিনিটে কোরআন তেলাওয়াত,  গিতা ও বাইবেল পাঠের  মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, মাসুদুল হক, সাইফুজ্জামান সেলিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল ও ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহদাব আকবর প্রমুখ।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন