নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর অন্যতম বিদ্যাপীঠ ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ইফতার মাহফিল। প্রতি বছরের ধারাবাহিকতায় বুধবার বিকেলে বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দীর্ঘ সময় পর পুরোনো সহপাঠী ও প্রিয় শিক্ষকদের কাছে পেয়ে মেতে ওঠেন স্মৃতিতাড়নায়। দীর্ঘদিনের বিচ্ছেদ ঘুচিয়ে একে অপরের সঙ্গে কুশল বিনিময়ে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, ইফতার মাহফিলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্কের এক নিবিড় বন্ধন তৈরি হয়েছে। এই আয়োজন কেবল ইফতারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছিল নতুন ও পুরোনো প্রজন্মের এক সেতুবন্ধন।
আয়োজক কমিটির অন্যতম সদস্য ও ২০১৫ ব্যাচের শিক্ষার্থী সিফাত বলেন, আমরা প্রতিবছরই শিক্ষার্থীদের উদ্যোগে এই পুনর্মিলনীর আয়োজন করি। ইফতার মাহফিলের পাশাপাশি এতে মেহেদী উৎসব, কৃতি শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও র্যাফেল ড্র-এর মতো বর্ণিল আয়োজন থাকে। মূলত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি বাড়াতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
.jpeg)

