র‍্যাব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
র‍্যাব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

হত্যা মামলার দুই আসামি ঈশ্বরদী থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহরে আলোচিত আব্দুল বারেক ওরফে বারেক (৩৬) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে ঈশ্বরদী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার আরামবাড়ীয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার ছয় নম্বর আসামি মোছা. রেশমা খাতুনকে (৩০) এবং রাত সাড়ে নয়টার দিকে ভাদুর বটতলা বাজার এলাকা থেকে মামলার এক নম্বর আসামি মো. রবি মোল্লাকে (৪২) গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, গত ২৯ আগস্ট দুপুরে চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাজনাই এলাকায় রবির বাড়ির সামনে পূর্বশত্রুতার জেরে আব্দুল বারেককে লোহার রড, কাঠের খাটো, বাটাম ও বাঁশ দিয়ে মারধর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচা ওয়াহাব আলী প্রামাণিক বাদী হয়ে চাটমোহর থানায় হত্যা মামলা করেন।

গ্রেপ্তার রেশমা খাতুন রবি মোল্লার স্ত্রী। আর রবি মোল্লা একই এলাকার সাজনাই দক্ষিণপাড়ার জাহের মোল্লার ছেলে।

সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার বলেন, চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামিদের ধরতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত ছিল। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, মারামারি, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদীতে ১৪ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ১৪ কেজি ২৫০ গ্রাম শুকনা গাঁজাসহ সোহেল রানা (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার সকাল ছয়টার দিকে উপজেলার চর রূপপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

সোহেল রানা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মো. রায়হান জোয়ার্দ্দারের ছেলে। তিনি বর্তমানে ঈশ্বরদীর চর রূপপুর জিগাতলা এলাকায় ভাড়া থাকেন।

জানা গেছে, র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে র‍্যাবের একটি দল চর রূপপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সোহেল রানাকে আটকের পর তাঁর হেফাজত থেকে বিপুল পরিমাণ গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পাবনা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ঈশ্বরদীতে অস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি দেশীয় শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ মো. আলম আলী (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

বৃহস্পতিবার রাতে উপজেলার ভাড়ইমারী মাথালপাড়া এলাকায় র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতার আলম আলী রাজশাহী জেলার পুঠিয়া থানার সৈয়দপুর গ্রামের মো. আফছার উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। এ সময় আলম আলীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজের পাশাপাশি একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার জানান,   গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক ১

পাবনা প্রতিনিধি: পাবনা শহরের বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলিসহ ফরিদ উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শুক্রবার ভোরে র‍্যাব-১২-এর পাবনা ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার ফরিদ উদ্দিন পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর বাংলা বাজার এলাকার ইসমাইল মৃধার ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে বাংলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান। এ সময় ফরিদ উদ্দিনের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-১২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান জানান, পাবনা অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাবের এই বিশেষ অভিযান নিয়মিত জারি থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদীতে অস্ত্রসহ চার যুবক র‍্যাবের হাতে আটক


নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিভিন্ন ধরনের অস্ত্রসহ চার যুবককে আটক করেছে র‍্যাব-১২।

সোমবার ভোরে উপজেলার পাকশী ইউনিয়নের চর রূপপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

র‍্যাব-১২, সিপিসি-২ (পাবনা)–এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ওয়াহিদুজ্জামান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন—পাকশী ইউনিয়নের নতুন রূপপুর দক্ষিণপাড়া এলাকার ইসলাম মণ্ডলের ছেলে মো. সুপ্ত ইসলাম জীবন (২৬), একই এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে মো. চঞ্চল ইসলাম নীরব (২৬), চর রূপপুর বিবিসি বাজার এলাকার খবির ইসলামের ছেলে মো. বাঁধন ইসলাম (২৩) এবং একই এলাকার আকবর মণ্ডলের ছেলে মো. শাকিল হোসেন (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-১২ (সিরাজগঞ্জ)–এর অধিনায়কের নির্দেশনায় সোমবার ভোর সোয়া ৪টার দিকে র‍্যাবের একটি বিশেষ দল চর রূপপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চার যুবককে আটক করে তাঁদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা মালামাল পরীক্ষা করে একটি বিদেশি পিস্তলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগাজিন, পাঁচটি ম্যাগাজিন স্লাইড, পাঁচটি ব্যারেল, তিনটি সুইচ গিয়ার চাকু, একটি হাতচাপ ব্লেড, একটি ইলেকট্রিক শুটার, ১০০টি এয়ারগানের কার্তুজ, অপরাধমূলক কাজে ব্যবহৃত নয়টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, আটক চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার হওয়া আলামতসহ তাঁদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।

ঈশ্বরদীতে কুরিয়ার সার্ভিসের পার্সেলে পাওয়া গেল সাড়ে ১৪ কেজি গাঁজা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে কুরিয়ার সার্ভিসের একটি পার্সেল থেকে সাড়ে চৌদ্দ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের নির্দেশনায় সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল ১১ অক্টোবর শনিবার রাত ১০টার দিকে পৌর এলাকার মালগুদাম স্টেশন রোডে করতোয়া কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক।

গ্রেপ্তার ব্যক্তি লালমনিরহাট জেলার সদর থানার দুরাকুঠি এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে মো. দুলাল হোসেন (৩০)। তার কাছ থেকে সাড়ে চৌদ্দ কেজি গাঁজা, ৬৪ কেজি বাদাম এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দুলাল হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং কুরিয়ার সার্ভিস ব্যবহার করে গাঁজা পাচার করছিলেন। উদ্ধারকৃত মাদকসহ তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি আ. স. ম. আব্দুন নুর জানান, বাদামের পার্সেলের মধ্যে গাঁজা রাখা ছিল অত্যন্ত চতুর কৌশল। আটক আসামিকে সোমবার আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে প্রেরণ করা হবে।

ভোটকেন্দ্রে যেতে ও ভোট দিতে বাধা দিলে কঠোর ব্যবস্থা: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খুরশীদ আলম বলেছেন, ভোট সাংবিধানিক অধিকার। নির্বাচনে কাউকে ভোট দিতে বাধা দিলে তা দমন করবে র‍্যাব। নির্বাচনের পূর্বে, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী সময়েও আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব সদস্যরা মাঠে থাকবে।

২ জানুয়ারি মঙ্গলবার সকালে খুলনা র‍্যাব-৬ এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, আগামী ৭ জানুয়ারি ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে র‍্যাব। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‍্যাব।

নির্বাচনে র‍্যাবের জন্য চ্যালেঞ্জ আছে জানিয়ে এম খুরশীদ আলম বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য র‍্যাব প্রস্তুত আছে। 

এর আগে খুলনা র‍্যাব-৬ এর সদর দপ্তরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক মো. মাহাবুব আলম, কমান্ডার খন্দকার আল মঈন, পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং) লে. কর্নেল ফিরোজ কবীর প্রমুখ।  

পাবনায় বিদেশী রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য পাবনার হাজিরহাট ঘাটে অবস্থান করছিল অস্ত্র ব্যবসায়ী। এমন খবরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবারসহ একজনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যায় পাবনার বেড়া উপজেলার আমিনপুর শরিফপুর এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার বেলা ১১টায় র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তির নাম সহিদুল ইসলাম (৩৫)। তিনি সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার বংখুরী গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ এর পাবনার ক্যাম্পের সদস্যরা জানতে পারে যে, যমুনা নদীর পাশে কাজিরহাট ঘাটের ওপর একজন ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছা মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন সে। তবে র‌্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পরে আটক ব্যক্তিকে তল্লাশি করে পাকিস্তানের তৈরি গুলিবিহীন একটি রিভলবার পাওয়া যায়। আভিযানিক দলটির নেতৃত্বে ছিলেন ক্যাম্পের কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান ও স্কোয়াড কমান্ডার এএসপি কিশোর রায় ।

সহিদুলের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও র‌্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঈশ্বরদীতে ক্যান বিয়ারসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ২০টি ক্যান বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।
 
শুক্রবার দুপুরে র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান এই তথ্য জানান।  

আটকরা হলেন, পাঁচবিবি উপজেলার ভূইডোবা গ্রামের ইউনুছ আলীর ছেলে রাব্বি হোসেন (৩৩)।

র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার সদরের আলহাজ্বমোড় সড়কে এক মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য ক্যান বিয়ার কেনা-বেচার জন্য অবস্থান করছেন। এ সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাব্বিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

তৌহিদুল মবিন খান জানান, বিভিন্ন বিয়ার সংগ্রহ করে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করতো সে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা করা হয়েছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন