অস্ত্র উদ্ধার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অস্ত্র উদ্ধার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান: অস্ত্রসহ আটক ২৩ জন

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটারগান ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার ভোররাত থেকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের ডিগ্রিরচরসহ বিভিন্ন এলাকায় ঈশ্বরদী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানার চারজন, নিয়মিত মামলার একজন এবং মাদক সেবনের অভিযোগে ১৮ জন রয়েছেন। উদ্ধার করা অস্ত্রগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে থানায় জমা দেওয়া হয়েছে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ঈশ্বরদীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ দলটি লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের ডিগ্রিরচরে অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান ও তিনটি হাসুয়া উদ্ধার করে। এ ছাড়া অন্য একটি স্থান থেকে আরও একটি হাসুয়া উদ্ধার করা হয়। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার পাঁচ আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া মাদক সেবনের দায়ে গ্রেপ্তার ১৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পাকশীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ৪০০ পিস ইয়াবা ও একটি দেশীয় রিভলভারসহ তানজিল ইসলাম ও সজীব নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার দুজন হলেন ঈশ্বরদীর পাকশী বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে তানজিল ইসলাম এবং পাকশী স্কুলপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে সজীব।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে তিনটার দিকে পাকশী বাজার এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় তানজিলের নিজ বাড়ি তল্লাশি করে তাঁর কাছ থেকে ২০০ পিস এবং সজীবের কাছ থেকে ২০০ পিস—মোট ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তানজিলের শয়নকক্ষের বিছানার নিচ থেকে দেশীয় তৈরি একটি রিভলভার জব্দ করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

ঈশ্বরদীতে অস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি দেশীয় শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ মো. আলম আলী (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

বৃহস্পতিবার রাতে উপজেলার ভাড়ইমারী মাথালপাড়া এলাকায় র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতার আলম আলী রাজশাহী জেলার পুঠিয়া থানার সৈয়দপুর গ্রামের মো. আফছার উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। এ সময় আলম আলীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজের পাশাপাশি একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার জানান,   গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় বন্দুক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) উদ্ধার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্যারিস রোড এলাকা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্যারিস রোড এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও হাসুয়াটি পাওয়া যায়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, উদ্ধার করা অস্ত্র দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এগুলো সেখানে কারা রেখে গেছে কিংবা কোনো অপরাধমূলক কাজের উদ্দেশ্যে রাখা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন