নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিভিন্ন ধরনের অস্ত্রসহ চার যুবককে আটক করেছে র্যাব-১২।
সোমবার ভোরে উপজেলার পাকশী ইউনিয়নের চর রূপপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
র্যাব-১২, সিপিসি-২ (পাবনা)–এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ওয়াহিদুজ্জামান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন—পাকশী ইউনিয়নের নতুন রূপপুর দক্ষিণপাড়া এলাকার ইসলাম মণ্ডলের ছেলে মো. সুপ্ত ইসলাম জীবন (২৬), একই এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে মো. চঞ্চল ইসলাম নীরব (২৬), চর রূপপুর বিবিসি বাজার এলাকার খবির ইসলামের ছেলে মো. বাঁধন ইসলাম (২৩) এবং একই এলাকার আকবর মণ্ডলের ছেলে মো. শাকিল হোসেন (৩০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১২ (সিরাজগঞ্জ)–এর অধিনায়কের নির্দেশনায় সোমবার ভোর সোয়া ৪টার দিকে র্যাবের একটি বিশেষ দল চর রূপপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চার যুবককে আটক করে তাঁদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা মালামাল পরীক্ষা করে একটি বিদেশি পিস্তলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগাজিন, পাঁচটি ম্যাগাজিন স্লাইড, পাঁচটি ব্যারেল, তিনটি সুইচ গিয়ার চাকু, একটি হাতচাপ ব্লেড, একটি ইলেকট্রিক শুটার, ১০০টি এয়ারগানের কার্তুজ, অপরাধমূলক কাজে ব্যবহৃত নয়টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, আটক চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার হওয়া আলামতসহ তাঁদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।


