পাবনা প্রতিনিধি: পাবনা শহরের বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলিসহ ফরিদ উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার ভোরে র্যাব-১২-এর পাবনা ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
গ্রেপ্তার ফরিদ উদ্দিন পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর বাংলা বাজার এলাকার ইসমাইল মৃধার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে বাংলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান। এ সময় ফরিদ উদ্দিনের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান জানান, পাবনা অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাবের এই বিশেষ অভিযান নিয়মিত জারি থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।














