নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ১৪ কেজি ২৫০ গ্রাম শুকনা গাঁজাসহ সোহেল রানা (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার সকাল ছয়টার দিকে উপজেলার চর রূপপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
সোহেল রানা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মো. রায়হান জোয়ার্দ্দারের ছেলে। তিনি বর্তমানে ঈশ্বরদীর চর রূপপুর জিগাতলা এলাকায় ভাড়া থাকেন।
জানা গেছে, র্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে র্যাবের একটি দল চর রূপপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সোহেল রানাকে আটকের পর তাঁর হেফাজত থেকে বিপুল পরিমাণ গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পাবনা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

