সংবর্ধনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সংবর্ধনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে ট্রেনবহরে হামলার মামলার কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ট্রেনবহরে হামলার মিথ্যা মামলায় কারাভোগের পর কারামুক্তির দুই বছর পূর্তি উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলার জয়নগর বোর্ড অফিস মোড়সংলগ্ন মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়।

সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এবং ছাত্রদল নেতা আল আমিন হোসেনের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই বছর আগে কারামুক্ত সলিমপুর ইউনিয়নের নেতাকর্মীদের সংবর্ধনা জানানো হয়।

সংবর্ধিত ব্যক্তিরা হলেন সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মুকুল, বিএনপি নেতা আবুল কাশেম, যুবদল নেতা কামাল পারভেজ চাঁদ, বিএনপি নেতা জামিরুল ইসলাম, আলমগীর হোসেন ও পলাশ মাহমুদ।

ছাত্রদল নেতা আল আমিন হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মুকুল, যুবদল নেতা রাসেল হোসেন, ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আসাদুল হক আশা, বিএনপি নেতা সানাউল হক প্রামাণিক, সেলিম রেজা, আফজাল হোসেন, নূর সালাম মন্ডল, হযরত আলী ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে কারামুক্তির দুই বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। একই সঙ্গে মৃত্যুবরণকারী নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

বিদায়বেলায় কৃষকদের ভালোবাসায় সিক্ত কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান

নিজস্ব প্রতিবেদক: চাকরিজীবনের শেষ দিনে কোনো প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বরং কৃষকদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে অবসর নিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান। দীর্ঘ কর্মজীবনে মাঠপর্যায়ে কৃষকদের পাশে থেকে সেবা দেওয়ায় পাবনার ঈশ্বরদীর উত্তর বাঘইল গ্রামের কৃষকেরা সোমবার দুপুরে তাঁর সম্মানে এক আবেগঘন বিদায়ী সংবর্ধনার আয়োজন করেন।

বাংলাদেশ কৃষক সমিতির সহসভাপতি তহরুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন। তিনি বলেন, কৃষকদের এমন অভূতপূর্ব ভালোবাসা অর্জনই একজন মাঠপর্যায়ের কর্মকর্তার সবচেয়ে বড় প্রাপ্তি। মতিয়ার রহমান তাঁর নিষ্ঠা ও দক্ষতা দিয়ে কৃষকদের সেই আস্থা অর্জন করেছিলেন।

সংবর্ধনা সভায় বক্তারা বলেন, ফসল রক্ষা, রোগবালাই দমন ও আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহারে মতিয়ার রহমান ঈশ্বরদীর কৃষকদের কাছে শুধু একজন কর্মকর্তা নন, অভিভাবক হিসেবে ভূমিকা রেখেছেন। যেকোনো প্রয়োজনে তিনি সবসময় মাঠে কৃষকদের পাশে থেকেছেন।

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন মতিয়ার রহমান। তিনি কর্মজীবনে ঈশ্বরদীর কৃষকদের কাছ থেকে পাওয়া আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে স্থানীয় কৃষকদের পক্ষ থেকে তাঁর হাতে বিদায়ী সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতির নেতা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপসহকারী কৃষি কর্মকর্তা সুজন কুমার দাস এবং সাহাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল ইসলাম প্রমুখ।

ঈশ্বরদীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল রাজু স্মৃতি ফাউন্ডেশন


নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সাহাপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে নেফাউর রহমান রাজু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সাহাপুর ইউনিয়নের ২৫ জন কৃতি শিক্ষার্থীকে এই সংবর্ধনা জানানো হয়।

ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মশিউর রহমান মজনুর সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি খাদিজা সুলতানা নিপার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সদস্যসচিব শরীফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজমল হোসেন সুজন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, বিএনপি নেতা বরকত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, সাবেক ইউপি সদস্য তৌহিদুল ইসলাম তুহিন, সাজেদুল ইসলাম, আইনুল হরিণ, উপজেলা কৃষক দলের সভাপতি পাঞ্জুর রহমান, উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাশেম ও ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মোহন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফাউন্ডেশনের সদস্যসচিব আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রকি এবং পাকশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক। এ সময় ফাউন্ডেশনের সদস্য, সংবর্ধিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভাকে বিকশিত করতে পড়াশোনার পাশাপাশি উৎসাহ ও অনুপ্রেরণাও প্রয়োজন। যারা জিপিএ-৫ অর্জন করেছে, তারা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এই সাফল্য এনেছে। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও ভালো ফলাফল করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

ফাউন্ডেশনের সহসভাপতি খাদিজা সুলতানা নিপা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং ভালো ফলাফলের স্বীকৃতি দিতে ফাউন্ডেশনের উদ্যোগে নিয়মিত এ ধরনের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মরহুম নেফাউর রহমান রাজুর স্মৃতি ধরে রাখা হবে।

আলোচনা সভা শেষে অতিথিরা জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

ঈশ্বরদীতে ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

রোববার সকালে উপজেলার আড্ডাখানা রেস্টুরেন্টে অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে। আজকের মেধাবীরাই আগামী দিনে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

সংগঠনটির সভাপতি রিয়াজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সম্পাদক মো. সাইদুল ইসলাম, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা ও সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন জনি।

উল্লেখ্য, ২০২৫ সালে ঈশ্বরদী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যাসোসিয়েশনের আওতাধীন ২২টি কিন্ডারগার্টেনের ২২৫ জন শিক্ষার্থী বৃত্তি পায়। এর মধ্যে ট্যালেন্টপুলে ৮০ জন এবং সাধারণ গ্রেডে ১৪৫ জন রয়েছে।

ঈশ্বরদীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুর তিনটায় সলিমপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই আয়োজন করা হয়।

৫ নম্বর সলিমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব। সভাপতিত্ব করেন সলিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহির মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার।

সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত মোট ১৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

ইউনিয়ন পরিষদের সচিব শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানা সুমন মালিথা, স্থানীয় ব্যক্তিত্ব হাসান আলী বিশ্বাস এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মুকুল। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুল হক আশা, বাবু বিশ্বাস, আক্তারুল ইসলাম, ওয়াহিদুজ্জামান, স্বপন সরদার, ছবিহা খাতুন, সুবর্ণা আক্তার, ফুরকান আলী বিশ্বাস ও মিনারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সংবর্ধনা পর্ব শেষে পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে একটা করে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা উপহার দেওয়া হয়। পরে অতিথিদের সঙ্গে নিয়ে প্রধান অতিথি পরিষদ চত্বরে চারা রোপণ করেন। 

ঈশ্বরদী গার্লস স্কুলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ইমরান কায়েস বিশ্বাস শাওন। সঞ্চালনায় ছিলেন  শিক্ষক ফজলুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক ফসিহর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মহিদ বিশ্বাস, সাঁসরকারি সাড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী শিক্ষক মীর হান্নানুর রহমান এবং পাকশী রেলওয়ে কলেজের সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অভিভাবক প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, শিক্ষক প্রতিনিধি ফারহানা আফরোজ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, শিক্ষক জাকিরুল মওলা সুমন ও সুমন আলী। স্বাগত বক্তব্য দেন অভিভাবক আজিজুল হক।

ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুমি খাতুন, মাহমুদা স্মৃতি, আসমাউল হুসনা, মাহিরা মুনির এবং এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নাজনীন আফরিন।

অনুষ্ঠানে শিক্ষা উন্নয়নে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির অবদান তুলে ধরা হয়। এ সময় জিপিএ-৫ প্রাপ্ত ২২ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও মেডেল দিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি উত্তীর্ণ ও কৃতী ১২০ জন শিক্ষার্থীকে মেডেল দেওয়া হয়।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন