বৃত্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বৃত্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ক্যানসার আক্রান্ত মেধাবী ছাত্র ছাবিদের পাশে বিএনপি নেতা শাহীন


নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ক্যানসারে আক্রান্ত ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী ইবনে ছাবিদের পাশে দাঁড়িয়েছেন ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা রেজাউল করিম শাহীন। গতকাল শুক্রবার রাতে তাঁর পক্ষ থেকে পাঠানো উপহার ও নগদ আর্থিক সহায়তা ছাবিদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়ামের তত্ত্বাবধানে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন মালিথা, ছাত্রনেতা আব্দুল আহাদ, ওমর ফারুক বিশ্বাস ও আকাশ ইসলাম দেশ।

সম্প্রতি সংবাদমাধ্যমে ছাবিদের গুরুতর অসুস্থতা ও বুয়েটে পড়ার স্বপ্নভঙ্গের শঙ্কার খবর দেখে সহায়তার হাত বাড়ান রেজাউল করিম শাহীন। এ বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, "একটি প্রখর মেধাবী শিশুর সুন্দর শৈশব হাসপাতালের চার দেওয়ালে কাটছে, যা অত্যন্ত বেদনাদায়ক। অর্থের অভাবে ওর স্বপ্ন যেন মাঝপথে থেমে না যায়, সেটাই আমাদের চাওয়া। সেই সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই সাধ্যমতো পাশে দাঁড়িয়েছি।"

শাহীন আরও বলেন, "সমাজের বিত্তবান মানুষ, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এই শিশুটির সুচিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানাই। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও দোয়ায় ছাবিদ সুস্থ হয়ে আবার পড়াশোনায় ফিরবে বলে আশা করি।"

পারিবারিক সূত্রে জানা গেছে, ইবনে ছাবিদ ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর গ্রামের আশরাফুল আলম রোকনের একমাত্র সন্তান। সে বর্তমানে আরএআরএস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। শৈশব থেকেই পড়ালেখায় অত্যন্ত উজ্জ্বল ছাবিদ পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে আসছিল। গত বছর চর-সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে সমাপনী শেষ করে চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে সে।

কিন্তু এই অর্জনের পরপরই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে ছাবিদ। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ক্যানসার ধরা পড়ে। বর্তমানে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার চিকিৎসা চলছে। একমাত্র সন্তানের জীবন বাঁচাতে মধ্যবিত্ত বাবা-মা সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

ঈশ্বরদীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেলেও হাসপাতালের শয্যায় মেধাবী ছাবিদ, ক্যানসারের সঙ্গে লড়াই

নিজস্ব প্রতিবেদক: ‘আমি বড় হয়ে বুয়েটে প্রকৌশলী হব। তুমি হবে একজন প্রকৌশলীর মা।’—মাকে এমন স্বপ্নের কথাই বলেছিল ইবনে ছাবিদ। কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ক্যানসার। মাত্র ১১-১২ বছর বয়সের ছোট্ট শরীরে বাসা বেঁধেছে এই মরণব্যাধি।

এরই মধ্যে এসেছে একটি সুখবর। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে (মেধাতালিকায়) বৃত্তি পেয়েছে ছাবিদ। তবে সেই সাফল্যের আনন্দ ম্লান করে দিয়েছে তার অসুস্থতা। রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যায় শুয়েই বৃত্তি পাওয়ার খবর শুনেছে সে। আনন্দের বদলে তার চোখ দিয়ে গড়িয়ে পড়েছে অশ্রু।

ছাবিদ ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর গ্রামের আশরাফুল আলম রোকনের একমাত্র ছেলে। সে ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিবারই শ্রেণিতে প্রথম হয়েছে ছাবিদ। গত এপ্রিলে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার ক্যানসার ধরা পড়ে।

ছাবিদের বাবা আশরাফুল আলম রোকন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শ্রমিক হিসেবে কর্মরত। তিনি বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, ছেলেকে সুস্থ করে তুলতে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন। এ অবস্থায় সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।

প্রতিবেশীরা জানান, পড়াশোনার পাশাপাশি নিয়মিত নামাজ আদায় ও কোরআন তিলাওয়াত করত ছাবিদ। শান্ত ও ভদ্র স্বভাবের এই শিশুর অসুস্থতায় প্রতিবেশীরাও মর্মাহত।

কান্নাজড়িত কণ্ঠে ছাবিদের মা লিজা খাতুন বলেন, ‘এই বয়সে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে থাকার কথা ছিল আমার ছেলের। অথচ সে আজ হাসপাতালের বিছানায়। ওকে এভাবে দেখতে খুব কষ্ট হয়। আল্লাহ যেন আমার ছেলেকে সুস্থ করে দেন।’

ঈশ্বরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ছাবিদের মতো একজন মেধাবী শিক্ষার্থীর ক্যানসারে আক্রান্ত হওয়া অত্যন্ত দুঃখজনক। সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ক্যানসার আক্রান্তদের সহায়তার সুযোগ রয়েছে। পরিবার আবেদন করলে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সহযোগিতা করা হবে।

ঈশ্বরদীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ সালের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার পাকশীর হাসেম আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মো. আরজাহান আলী। প্রধান অতিথি ছিলেন পাকশি রেলওয়ে ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা ইমরুল কায়েস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. তানবীর সুমন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান, সহসভাপতি সেলিম সরদার এবং আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।

আয়োজকেরা জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বৃত্তি পরীক্ষায় ৩৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ৮২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ টাকা, সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম রেজা অনুষ্ঠানটি পরিচালনা করেন। এতে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সভাপতি মজিবুর রহমান।

ঈশ্বরদীতে বৃত্তি পেয়ে সম্মানিত ক্ষুদে শিক্ষার্থীরা



নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে বৃত্তি পাওয়া ১৮২ জন ক্ষুদে শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার  দুপুরে আরআরপি কমিউনিটি সেন্টারে এই আয়োজন করে আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়। এর মধ্যে ৬২ জন ভালো ফল করে ট্যালেন্টপুলে ও ১২০ জন সাধারণ বিভাগে বৃত্তি পেয়েছে।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রিয়াজুল করিম। প্রধান আলোচক ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হামিদুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সভাপতি এস এম রাজা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ, পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি এবং মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ।
স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন