ঈশ্বরদীতে পূর্বটেংরি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে পূর্বটেংরি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূর্বটেংরি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে এবং শিক্ষক আসাদুজ্জামান বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। এ সময় প্রধান শিক্ষক মো. জোমসেদ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান পলাশ বলেন, দীর্ঘদিনের শাসনব্যবস্থা দেশের শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছিল। তবে বর্তমান প্রশাসন শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থাকে এমন ত্রুটিপূর্ণভাবে সাজানো হয়েছিল, যার ফলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ও দেশীয় মহলে প্রকৃত দক্ষতা ও যোগ্যতা অর্জনে প্রায়ই ব্যর্থ হচ্ছে, যা দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনার সহকারী পরিদর্শক মোখলেসুর রহমান, বিএনপি নেতা রফিকুল ইসলাম নয়ন, প্রধান শিক্ষক রাইদুল ইসলাম, শিক্ষক আব্দুল মজিদ, আসাদুজ্জামান আসাদ, নূর বক্সা শাহ, সুলতানা লায়লা এবং সংবর্ধিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন