শিক্ষাঙ্গন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষাঙ্গন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদী কম্পিউটার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী কম্পিউটার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে বিদায় অনুষ্ঠান হয়েছে। সোমবার কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ চিকিৎসক মো. সোহেল আল বেরুনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. আয়নুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হাজী আকবর। এই সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আয়নুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’

আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার দেওয়া হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় তিনজন আটক, ল্যাপটপ ফেরত

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিক চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে পৌরসভার ইস্তা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- নাটোরের লালপুর উপজেলার দক্ষিণ লালপুর কলোনির আসাদুল ইসলাম ও শামীম মণ্ডল, এবং দিনাজপুরের কোতোয়ালি থানার মো. রনি।

পুলিশ জানায়, আসামি শামীম মণ্ডলের কাছ থেকে ঈশ্বরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন থানায় মামলা দায়ের করেছেন।

গত ১৮ আগস্ট সোমবার রাতে শহরের স্টেশন সড়কের পাশে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বিদ্যালয়ে তালা ভেঙে দুটি ল্যাপটপ চুরি হয়। পরের দিন রাতে পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ে তালা ভেঙে প্রবেশ করে ফাইলপত্র তছনছ করা হলেও ল্যাপটপ নিতে ব্যর্থ হয় চোরেরা। সেখান থেকে মাত্র ২১৭ টাকা চুরি হয়েছে।

ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

ঈশ্বরদীতে স্কুলে চুরি, সিসিটিভিতে ধরা পড়ল চোর

প্রতীক ছবি 

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে আবারও শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের দুটি কক্ষের তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোর।

বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে একজন চোর লোহার রড দিয়ে তালা ভাঙছে—এমন দৃশ্য ধরা পড়েছে বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায়। খবর পেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আনোয়ার হোসেন জনি ঘটনাস্থলে যান।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুধু বাসাবাড়ি নয়, সম্প্রতি ঈশ্বরদীতে টানা কয়েক রাত ধরে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাতেও চুরি হচ্ছে। এর আগের দিন মঙ্গলবার রাতে একই ওয়ার্ডের ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষ থেকে দুটি ল্যাপটপ ও কিছু আসবাবপত্র চুরি হয়। তারও এক দিন আগে সোমবার রাতে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের দানবাক্স ভেঙে টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

বিদ্যালয়ের নৈশপ্রহরী শামসুল আলম বলেন, 'প্রতিদিনের মতো রাতভর দায়িত্ব পালন শেষে ফজরের নামাজ পড়ে সকালে বাড়ি যাই। আজ স্কুল ছুটি ছিল। এই সুযোগে চোর গ্রিল ভেঙে ভেতরে ঢুকে আলমিরা তছনছ করেছে'।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোমসেদ আলী জানান, 'সিসিটিভির ফুটেজে সকাল ৬টা ১৫ মিনিটে এক ব্যক্তি রড দিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। অফিসকক্ষের আলমিরা ভেঙে নগদ টাকা ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।'

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, 'খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে চোর শনাক্তের চেষ্টা চলছে।'

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার বলেন, 'চোরকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।' 

ঈশ্বরদী গার্লস স্কুলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ইমরান কায়েস বিশ্বাস শাওন। সঞ্চালনায় ছিলেন  শিক্ষক ফজলুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক ফসিহর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মহিদ বিশ্বাস, সাঁসরকারি সাড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী শিক্ষক মীর হান্নানুর রহমান এবং পাকশী রেলওয়ে কলেজের সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অভিভাবক প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, শিক্ষক প্রতিনিধি ফারহানা আফরোজ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, শিক্ষক জাকিরুল মওলা সুমন ও সুমন আলী। স্বাগত বক্তব্য দেন অভিভাবক আজিজুল হক।

ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুমি খাতুন, মাহমুদা স্মৃতি, আসমাউল হুসনা, মাহিরা মুনির এবং এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নাজনীন আফরিন।

অনুষ্ঠানে শিক্ষা উন্নয়নে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির অবদান তুলে ধরা হয়। এ সময় জিপিএ-৫ প্রাপ্ত ২২ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও মেডেল দিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি উত্তীর্ণ ও কৃতী ১২০ জন শিক্ষার্থীকে মেডেল দেওয়া হয়।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন