নিজস্ব প্রতিবেদক: পোড়া তেল দিয়ে খাবার তৈরি, নোংরা পরিবেশ এবং পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইয়ের নির্দেশনা অমান্য করার দায়ে পাবনার ‘পাবনা দইঘর’ নামের একটি মিষ্টি ও খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানসূত্রে জানা যায়, পাবনা দইঘরের কারখানায় দীর্ঘদিনের ব্যবহৃত পোড়া তেল দিয়ে মিষ্টি ও অন্যান্য খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছিল। এ ছাড়া বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়ম নীতি তোয়াক্কা না করে চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করছিলেন কর্মরত কর্মচারীরা। এসব অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে পাবনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শামীম আহমেদ, ঈশ্বরদী পৌরসভার স্যানিটারি ইনস্পেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কায়সার সুজা এবং স্থানীয় থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শ্যামল কুমার পাল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার বলেন, জনস্বাস্থ্যে ঝুঁকি তৈরি করে নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

