জরিমানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জরিমানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, পাবনা দইঘরকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: পোড়া তেল দিয়ে খাবার তৈরি, নোংরা পরিবেশ এবং পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইয়ের নির্দেশনা অমান্য করার দায়ে পাবনার ‘পাবনা দইঘর’ নামের একটি মিষ্টি ও খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানসূত্রে জানা যায়, পাবনা দইঘরের কারখানায় দীর্ঘদিনের ব্যবহৃত পোড়া তেল দিয়ে মিষ্টি ও অন্যান্য খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছিল। এ ছাড়া বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়ম নীতি তোয়াক্কা না করে চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করছিলেন কর্মরত কর্মচারীরা। এসব অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পাবনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শামীম আহমেদ, ঈশ্বরদী পৌরসভার স্যানিটারি ইনস্পেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কায়সার সুজা এবং স্থানীয় থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শ্যামল কুমার পাল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার বলেন, জনস্বাস্থ্যে ঝুঁকি তৈরি করে নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঈশ্বরদীতে ফসলি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে সোহাগ হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার। এ সময় উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সোহাগ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মাটি বহনকারী গাড়ি ও তাতে থাকা মাটি জব্দ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার বলেন, পরিবেশ, নদী ও ফসলি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা এবং বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। জনস্বার্থে এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

ঈশ্বরদীতে অবৈধ ইটভাটায় যৌথবাহিনীর অভিযান, জরিমানা ২৫ লাখ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে যৌথবাহিনী। সোমবার দিনব্যাপী উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নে এই অভিযান চালানো হয়। এতে ২০টি ইটভাটাকে মোট ২৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি একটি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপপরিচালক তাসমিনা হোসেনের নেতৃত্বে অভিযানে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের শুরুতে পাকুড়িয়া এলাকায় মিজান সরদারের মালিকানাধীন ‘এসবিএম ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে অভিযান চলাকালে নবীনগর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। সেখানকার কয়েকটি ভাটায় কর্মরত শ্রমিকরা সংগঠিত হয়ে দাদাপুর–ঈশ্বরদী সড়ক অবরোধের চেষ্টা করেন। শ্রমিকদের স্লোগান ও বাধার মুখে পরিস্থিতি কিছুটা থমকে গেলেও যৌথবাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

এরপর পুনরায় অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। দিনব্যাপী এই কার্যক্রমে পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র না থাকায় ২০টি ইটভাটাকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা না করার শর্তে মালিকদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তাসমিনা হোসেন জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত চলবে। যারা আইন অমান্য করে পরিবেশ দূষণ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঈশ্বরদীতে বালি উত্তোলনের অভিযোগে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে সরকারি অনুমতি ছাড়াই মাটি ও বালি উত্তোলন করার অপরাধে রুবেল হোসেন নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের নবীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান।

তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অপরাধী প্রমাণিত হওয়ায় তার কাছ থেকে এই অর্থদণ্ড আদায় করা হয়েছে।

অভিযান চলাকালে ঈশ্বরদী থানার পুলিশ সদস্যরা মাঠে থেকে সহযোগিতা করেন।

ঈশ্বরদীতে অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর এবং সাহাপুর ইউনিয়নের চর-গড়গড়ি এলাকার চারটি ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়।  উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাত হোসেন খান নেতৃত্ব দেন।

এ সময় বিশ্বাস ব্রিকস কে ৫০ হাজার টাকা, মেসার্স ব্রাদার্স ব্রিকস কে এক লাখ টাকা, মেসার্স মন্ডল ব্রিকস কে এক লাখ টাকা, এবং স্বপ্ন ব্রিকস কে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ঈশ্বরদী থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, 'বৈধ ইটভাটাগুলো বন্ধ করতে আমরা কঠোর নিরাপত্তা নিশ্চিত করে অভিযান চালিয়েছি। ইটভাটার মালিকদের কোনো ছাড় দেওয়া হবে না।'

মো. শাহাদাত হোসেন খান বলেন, 'এই ভাটাগুলো কাঠ ও খড়ি পুড়িয়ে ইট তৈরি করছিল, যা আইনবিরোধী। আমরা জরিমানা করেছি এবং মালিকদের সতর্ক করেছি। অভিযান অব্যাহত থাকবে।'

ঈশ্বরদীতে পরিবেশ রক্ষায় অভিযান: তিন ইটভাটার জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে অবৈধ তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান এই অভিযান পরিচালনা করেন। এতে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং ঈশ্বরদী থানা পুলিশ সহযোগিতা করে।

জরিমানা করা ইটভাটাগুলো হলো- মন্টু বিশ্বাসের এমএমবি, রঞ্জু মল্লিকের এসএমবি এবং হেলাল উদ্দিনের বিএমবি।

শাহাদাত হোসেন খান জানান, এসব ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি না থাকা, কয়লার বদলে কাঠ পোড়ানো এবং পরিবেশ দূষণসহ বিভিন্ন নিয়ম লঙ্ঘন করা হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩-এর ১৫ ধারায় এই জরিমানা করা হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, অভিযানে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।"

বিধি ভঙ্গ করে আয়োজন, বিরিয়ানি গেল এতিমখানায়


নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের জন্য বিরিয়ানির আয়োজন করায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আবু জাহেরের এক সমর্থককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২০ ডিসেম্বর বুধবার রাতে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের পয়াত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম।

২১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম জানান, আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের জন্য বিরিয়ানির আয়োজন করেন স্বতন্ত্র প্রার্থী আবু জাহেরের সমর্থক মো. মনির হোসেন। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে আচরণবিধি লঙ্ঘন করার দায়ে মনির হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোটারদের জন্য রান্না করা বিরিয়ানি জব্দ করে একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার ছামিউল ইসলাম।

বিজয় দিবসে নৌকার গান বাজানোয় শাস্তি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় দিবসের অনুষ্ঠানে ‌‘জয় বাংলা জিতবে এবার নৌকা’ গান বাজানোর দায়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একটি শিক্ষা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৬ ডিসেম্বর শনিবার দুপুরে নাঙ্গলকোট উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় ডিসপ্লে অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। 

জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল হক। 

শনিবার বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয় ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গানের তালে তালে নৃত্যের সঙ্গে ডিসপ্লে প্রদর্শন করে। এ সময় নাঙ্গলকোট শিশু কল্যাণ জুনিয়র স্কুলের পক্ষে আওয়ামী লীগের নৌকা প্রতীকের গান ‘জয় বাংলা জিতবে এবার নৌকা’ এর তালে তালে নৃত্য প্রদর্শন করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল হক ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। পরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গানটি বন্ধ করে দিয়ে ওই প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। নাঙ্গলকোট শিশু কল্যাণ জুনিয়র স্কুলের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম ওই জরিমানা পরিশোধ করেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন