নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর একটি জলমহালে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৬টি চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে জব্দ করা এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঁশেরবাদা এলাকার একটি জলাশয়ে এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, চায়না দুয়ারি জালের ফাঁস অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় মাছের পাশাপাশি রেণু পোনা ও অন্যান্য জলজ প্রাণী এতে আটকে মারা পড়ে। এতে দেশীয় মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতির মুখে পড়ে। তাই এই অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত তদারকি চালানো হচ্ছে।
ঈশ্বরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট করেন। অভিযান পরিচালনায় সহযোগিতা করে লক্ষীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল।
উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন জানান, প্রজনন মৌসুমে পোনা ও দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে জলাশয়ে বৈধ পদ্ধতিতে মাছ ধরতে জেলেদের সচেতন করা হচ্ছে। নির্দেশ অমান্য করে নিষিদ্ধ জাল ব্যবহার করলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

