ঈশ্বরদীতে ফসলি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে সোহাগ হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার। এ সময় উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সোহাগ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মাটি বহনকারী গাড়ি ও তাতে থাকা মাটি জব্দ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার বলেন, পরিবেশ, নদী ও ফসলি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা এবং বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। জনস্বার্থে এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন