ভোক্তা অধিকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভোক্তা অধিকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, বেকারিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং বিএসটিআইয়ের লাইসেন্স নবায়ন না থাকায় ‘ঢাকা কিং বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার দাশুড়িয়া এলাকায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার।

অভিযান সূত্র জানায়, দাশুড়িয়া বাজারের ওই বেকারিতে নোংরা পরিবেশে বিভিন্ন পণ্য তৈরি হচ্ছিল। পাশাপাশি কারখানাটির বিএসটিআই লাইসেন্সের মেয়াদও উত্তীর্ণ হয়েছিল। এসব অনিয়মের দায়ে বেকারির মালিক রবিউল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে বিএসটিআইয়ের জেলা পরিদর্শক ইউনুছ আলী, ফিল্ড অফিসার রায়হানুল হক ও ঈশ্বরদী থানা-পুলিশের একটি দল অংশ নেয়।

সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থে এমন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’ তিনি খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যবিধি এবং সব সরকারি নিয়ম মেনে চলার তাগিদ দেন।

ভোক্তা অধিকার আইনে ঈশ্বরদীতে অভিযান, সিলগালা বেকারি ও জরিমানা


নিজস্ব প্রতিবেদক: অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের দায়ে ঈশ্বরদীর ‘ঢাকা কিং বেকারি’কে এক লাখ টাকা জরিমানা ও সিলগালা করেছে উপজেলা প্রশাসন। একই অভিযানে মুলাডুলির একটি পশুখাদ্য কারখানাকে অনুমোদন ছাড়া উৎপাদন চালানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অভিযান চালানো হয়। এতে ঈশ্বরদী থানা পুলিশ সহায়তা করে।

প্রশাসন সূত্রে জানা যায়, ‘ঢাকা কিং বেকারি’তে বাটারবন, পাউরুটি, কেক, পেস্ট্রি ও মাফিনসহ নানা ধরনের খাবার তৈরি হচ্ছিল। স্টোরে মজুত উপকরণে ফুড কালার ও ফ্লেভার থাকলেও তাদের প্যাকেটে সঠিক লেবেল ছিল না। তাছাড়া উৎপাদনকাজ চলছিল অত্যন্ত নোংরা পরিবেশে। এসব অপরাধে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি উৎপাদিত পণ্য নষ্ট করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

অন্যদিকে, মুলাডুলির একটি পশুখাদ্য কারখানা অনুমতি ছাড়াই কার্যক্রম চালাচ্ছিল। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও সুবীর কুমার দাশ বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দীর্ঘদিন ধরে বেকারিটি এমনভাবে পরিচালিত হচ্ছিল, তাই জরিমানা ও সিলগালা করা হয়েছে। আরেক প্রতিষ্ঠানের ভিন্ন অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”

বে‌শি দামে পেঁয়াজ বি‌ক্রি, ১৩৩ প্রতিষ্ঠানকে জ‌রিমানা

নিজস্ব প্রতিবেদক: ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ায় দেশের বাজারে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা। এমন পরিস্থিতিতে পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীসহ জেলা পর্যায়ে অভিযান চা‌লি‌য়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

৯ ডিসেম্বর শ‌নিবার অধিদপ্তরের ৫৭টি টিম সারা দেশে বাজার অভিযানের মাধ্যমে ১৩৩টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছে।

ভোক্তা অধিদপ্তরের পক্ষ থে‌কে জানানো হয়, শ‌নিবার ঢাকা মহানগরীতে অধিদপ্তরের চারটি টিম বাজার অভিযান পরিচালনা করে।

এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৫৪টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সবমি‌লি‌য়ে সারা দেশে ৫৭টি টিম কর্তৃক বাজার অভিযানের মাধ্যমে ১৩৩টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার রক্ষায় এ কার্যক্রম আগামীকালও (রোববার) অব্যাহত থাকবে ব‌লে জানায় অধিদপ্তর।

খোঁজ নি‌য়ে জানা গে‌ছে, শনিবার দেশের অন্যতম বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ থেকে ২২০ টাকায়। অথচ বৃহস্পতিবার পণ্যটির দাম ছিল ১০০ থেকে ১০৫ টাকা। রাজধানীর বাজা‌রে কেজিপ্রতি ২২০ থে‌কে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে, যেখা‌নে বৃহস্পতিবার দাম ছিল ১০০ থেকে ১১০ টাকা।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন