মাহিয়া মাহি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মাহিয়া মাহি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

চৌধুরী সাহেব টাকা দিলে নেবেন তবে ভোটটা ট্রাকে দেবেন : মাহি


নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, সিনেমায় অনেক রাজনীতি দেখেছি। আর এখন বাস্তবে তা দেখছি। এর আগে অনেক কিছুই কাছ থেকে দেখার সুযোগ হয়নি কিন্তু এখন দেখছি। নিজের গাড়ি নিজে পুড়িয়ে দিয়ে বলার চেষ্টা করে যে আমার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। নিজের অফিস নিজেই পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আমাদের নামে মামলা দেওয়ার জন্য এসবের পরিকল্পনা করা হচ্ছে।

৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে তানোরের মুণ্ডুমালা এলাকায় নির্বাচনী সভায় মাহিয়া মাহি এসব কথা বলেন। 

চ্যালেঞ্জের বিষয়ে মাহি বলেন, চ্যালেঞ্জ হচ্ছে জমিদারের অনেক টাকা। এটা একটা চ্যালেঞ্জ। জমিদার সাহেবের যত টাকা আমাদের সবার (সব প্রার্থীর) মিলে তা হবে না। এগুলো তো আসলে বিভিন্ন উপায়ে অর্জন করা। জনগণকে দেখা যাবে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবে। জনগণকে বলে দিয়েছি, চৌধুরী সাহেব টাকা দিলে টাকা নেবেন, ভোট ট্রাকে দেবেন। 

মাহি আরও বলেন, এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না। বিরোধী লোকজন ঝামেলা করতে পারে। আমি নির্বাচনী এলাকা থেকে অনেক নিউজ পাচ্ছি। তারা ভোটারদের মধ্যে এক ধরনের ভীতি সঞ্চার করতে চাচ্ছে। আমি ভোটে দাঁড়িয়েছি হয় জিতব না হয় হারব তবে ফিরে আসার সুযোগ নাই।

প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। না পেয়ে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী আবারও দলের মনোনয়ন পেয়েছেন। ওমর ফারুক চৌধুরী ও মাহিয়া মাহি ছাড়াও আরও ১১ প্রার্থী রয়েছেন এ আসনে।

ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে যা বললেন মাহিয়া মাহি


নিজস্ব প্রতিবেদক: স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি।

১২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন তিনি। 

এ বিষয়ে মাহিয়া মাহি জানান, নির্বাচনী কার্যক্রম শুরু করতে আজ রাতেই ঢাকা ত্যাগ করছেন তিনি। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছ থেকে দোয়া নিতেই এ সৌজন্য সাক্ষাৎ।

মাহি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জনপ্রিয়তার। ভোটারদের কাছে যার জনপ্রিয়তা বেশি, তিনিই জয়ী হবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আমি একজন আওয়ামী লীগের কর্মী। যেহেতু গতকাল আমার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে, তাই আজ রাতেই আমি রাজশাহীতে গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছি। তার আগেই আজ (মঙ্গলবার) ওবায়দুল কাদের স্যারের সঙ্গে দেখা করেছি।’

এই নায়িকা আরও বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে আশ্বস্ত করেছেন, নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে জনপ্রিয়তার যাচাই হবে। যে জনপ্রিয় সেই জিতে আসবে।’

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হলে আওয়ামী লীগ তাকে বরণ করে নিবে বলেই বিশ্বাস মাহিয়া মাহির। আপাতত নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আর কোনো বাধা কিংবা চ্যালেঞ্জ দেখছেন না তিনি।

এর আগে মনোনয়ন বৈধ ঘোষণার পরেই মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ‘অগ্নি’খ্যাত এই চিত্রনায়িকা। 

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু স্থিরচিত্র শেয়ার করে তিনি লেখেন, ‌‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। সকলের কাছে আমার জন্য দোয়া চাই আমি যেন আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আমার নির্বাচনী এলাকার জনগণের সেবা করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানাবাড়ির আসনে (রাজশাহী-১) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন। 

চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার মনোনয়ন যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বাতিল করা হয়।

এক শতাংশ ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেছে রাজশাহী নির্বাচন কমিশন অফিস।

মাহিয়া মাহি নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার মনোনয়ন বাতিল হয়েছে। আমি বিষয়টি শুনেছি। আজ অথবা কাল আপিল করব। 

এ বিষয়টি নিয়ে রাজশাহী নির্বাচন রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। তাই এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে মাহি লিখেছেন, ‘যেটা খবর পেলাম সেটা যদি সত্যি হয় তাহলে আপনার কপালে খারাপ আছে বলে দিলাম যুদ্ধ ঘোষণা হবে কালকে।’ 

এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন মাহিয়া মাহি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বতন্ত্র বললেই মনে কষ্ট লাগে। কারণ আমি মনেপ্রাণে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শকে লালন করি। প্রধানমন্ত্রীর নৌকাকে নিজের নৌকা মনে করি। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কোনো এলাকায় যেন কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হন। এ জায়গা থেকেই আমি রাজশাহীর তানোর-গোদাগাড়ী আসন থেকে নির্বাচন করতে চাই। কারণ আমার কাছে মনে হয়েছে এ আসনটিতে আওয়ামী লীগের যে প্রার্থী আছেন তিনি অনেকটাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যেতে পারেন। তাই প্রথম থেকে নির্বাচন করতে চাই। ’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এজন্য মনোনয়ন ফরম তুলেছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। তবে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড তাকে বিবেচনায় নেয়নি।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন