পাকশী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পাকশী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে মোটরসাইকেল চুরির চেষ্টায় তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুই বাইক

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে মোটরসাইকেল চুরি করার সময় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে এক সপ্তাহ আগে একই এলাকা থেকে চুরি হওয়া আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে হার্ডিঞ্জ ব্রিজের নিচের পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংগ্রামপুর গ্রামের মো. রোমান (২৫), সোনাইকান্দি গ্রামের মো. আসিফ রহমান (১৮) এবং শীতলাপাড়া গ্রামের কিশোর আপন (১৪)।

পুলিশ জানায়, ঈশ্বরদীর যুক্তিতলা এলাকার বাসিন্দা মো. আরাফাত তাঁর তিন বন্ধুকে নিয়ে একটি মোটরসাইকেল ব্রিজের নিচে পার্কিং করে পাশে ঘুরতে যান। এ সুযোগে ওত পেতে থাকা চোর চক্রের তিন সদস্য মোটরসাইকেলটির তালা ভেঙে চুরি করার চেষ্টা চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে টহলরত পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা তাঁদের আটক করেন। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৭ জুলাই একই এলাকা থেকে চুরি হওয়া অপর একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, উদ্ধার করা মোটরসাইকেলসহ অন্য আলামত পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ধূমকেতু এক্সপ্রেসে অভিযান, হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চলন্ত ট্রেনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ। শুক্রবার ঈশ্বরদীতে রেলওয়ে থানার আওতাধীন ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কল্যাণপুর এলাকার কাজল আহমেদ ও তাঁর স্ত্রী সাজেমা বেগম। কাজলের বয়স ৪৩ বছর ও সাজেমা বেগমের বয়স ৪২ বছর। উদ্ধার হওয়া হেরোইনের বর্তমান বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে দাবি করেছে পুলিশ।

ঈশ্বরদী রেল পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার রাতের প্রথম প্রহরে, আনুমানিক রাত ১টার দিকে, ঈশ্বরদী রেল থানা ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। এ সময় ট্রেনের জ বগির ৭৬ ও ৭৭ নম্বর আসনে বসা ওই দম্পতির দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরদী রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এক বছরে পাকশী রেল বিভাগের আয় কমল ৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমাঞ্চলের পাকশী রেল বিভাগে গত এক অর্থবছরে আয়ে ঘাটতি দেখা দিয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে আয়ের পরিমাণ কমেছে ৯ কোটি টাকারও বেশি। রেল কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে ট্রেন চলাচল বন্ধ থাকা এবং ভারতীয় মালবাহী ট্রেন কমে যাওয়াই এর মূল কারণ।

পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে যাত্রী পরিবহন, লাগেজ–পার্সেল ভ্যান, মালবাহী ট্রেন ও অন্যান্য খাতে আয় হয়েছিল ৪৭৩ কোটি ৪৫ লাখ টাকার বেশি। ২০২৪-২৫ অর্থবছরে সেই অঙ্ক নেমে দাঁড়ায় ৪৬৪ কোটি ২৩ লাখ টাকায়। হিসাব অনুযায়ী আয় কমেছে ৯ কোটি ২১ লাখ টাকা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, যাত্রী পরিবহন খাতে আয় বেড়েছে আগের চেয়ে। ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে আয় হয়েছিল প্রায় ৩৭৬ কোটি টাকা, যা ২০২৪-২৫ সালে দাঁড়ায় ৩৮৯ কোটি টাকায়। তবে বিপরীতে মালবাহী ট্রেন খাতে আয় কমেছে বড় অঙ্কে—৮৩ কোটি টাকা থেকে কমে প্রায় ৬৪ কোটি টাকায় নেমে আসে। পার্সেল ও লাগেজ ভ্যান খাতে সামান্য ঘাটতি থাকলেও বিবিধ খাতে (দোকান ভাড়া, ভূমি রাজস্ব ইত্যাদি) আয় কমেছে প্রায় আড়াই কোটি টাকা।

রেল কর্মকর্তাদের ভাষ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে রাজনৈতিক অস্থিরতায় টানা ২৮ দিন ট্রেন চলাচল বন্ধ ছিল। ওই সময়ে যাত্রী ও মালবাহী কোনো ট্রেনই চলেনি। একই সময়ে বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস বন্ধ হয়ে যায়, যা এখনো চালু হয়নি। আগস্টের পর থেকে ভারতীয় মালবাহী ট্রেনও অর্ধেকে নেমে আসে। ফলে পুরো অর্থবছরে আয়ে ধস নামে।

তবে কর্তৃপক্ষ বলছে, নতুন দুটি আন্তনগর ট্রেন চালু হওয়া এবং যমুনা রেল সেতু উদ্বোধনের পর ভাড়া সমন্বয় করায় আয় কিছুটা বেড়েছে। না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়ত।

২০২৪ সালের ২৪ ডিসেম্বর খুলনা-ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেস এবং বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস চালু হয়। এ ছাড়া ২০২৫ সালের ১৮ মার্চ যমুনা রেল সেতু উদ্বোধনের পর আসনভেদে ৪৫ থেকে ১৪৫ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়। এতে আয় কিছুটা ঘুরে দাঁড়ায়।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) গৌতম কুমার কুণ্ডু বলেন, ‘এই অর্থবছরে আয়ের ঘাটতির প্রধান দুটি কারণ হলো ভারতীয় মালবাহী ট্রেন কমে যাওয়া ও জুলাই-আগস্টে ২৮ দিন ট্রেন চলাচল বন্ধ থাকা। তবে এখন মালবাহী ট্রেন কিছুটা বাড়ছে। আশা করি পরের অর্থবছরে আয় আগের চেয়ে ভালো হবে।’

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস বলেন, ‘সব সংকটের মধ্যেও যাত্রী পরিবহন খাতে আগের চেয়ে আয় বেড়েছে। একমাত্র ভারতীয় মালবাহী ট্রেন কমে যাওয়ায় মোট আয়ে ঘাটতি দেখা দিয়েছে। আগে মাসে যেখানে ১০০টি ভারতীয় মালবাহী ট্রেন আসত, এখন সেটা নেমে দাঁড়িয়েছে ২০-এ।’

ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার পাকশীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাকশি ইউনিয়নের এম এস কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরদীর হঠাৎপাড়া গ্রামের মৃত ফজল মাতুব্বরের ছেলে আয়নাল হোসেন (৪৫) ও এম এস কলোনির বাসিন্দা মোছা. ফাতেমা বেগম (৬৫)।

স্থানীয়রা জানান, আয়নাল পেশায় একজন অটোরিকশাচালক। তার নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ না থাকায় তিনি কয়েকদিন ধরে প্রতিবেশী ফাতেমার বাড়িতে রিকশা চার্জ দিয়ে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় চার্জ দেওয়ার সময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে ফাতেমা বেগম তাকে বাঁচাতে ছুটে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

আয়নালের সঙ্গে থাকা তার ছোট ছেলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। কিন্তু এরই মধ্যে ঘটনাস্থলেই আয়নাল মারা যান। গুরুতর আহত অবস্থায় ফাতেমা বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাকিউল ইসলাম বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন