বিদ্যুতায়িত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিদ্যুতায়িত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার পাকশীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাকশি ইউনিয়নের এম এস কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরদীর হঠাৎপাড়া গ্রামের মৃত ফজল মাতুব্বরের ছেলে আয়নাল হোসেন (৪৫) ও এম এস কলোনির বাসিন্দা মোছা. ফাতেমা বেগম (৬৫)।

স্থানীয়রা জানান, আয়নাল পেশায় একজন অটোরিকশাচালক। তার নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ না থাকায় তিনি কয়েকদিন ধরে প্রতিবেশী ফাতেমার বাড়িতে রিকশা চার্জ দিয়ে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় চার্জ দেওয়ার সময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে ফাতেমা বেগম তাকে বাঁচাতে ছুটে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

আয়নালের সঙ্গে থাকা তার ছোট ছেলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। কিন্তু এরই মধ্যে ঘটনাস্থলেই আয়নাল মারা যান। গুরুতর আহত অবস্থায় ফাতেমা বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাকিউল ইসলাম বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন