দর্শনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দর্শনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ভারত থেকে এল ১৮টি ব্রডগেজ রেলকোচ, দর্শনা হয়ে যাবে সৈয়দপুর

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য আনা ২০০টি ব্রডগেজ কোচের প্রথম চালানের ১৮টি যাত্রীবাহী কোচ দর্শনা স্টেশনে পৌঁছেছে। শুক্রবার দুপুর ২টা ৩৭ মিনিটে গেদে-দর্শনা আন্তদেশীয় রেল সংযোগ দিয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করে।

বাংলাদেশ রেলওয়ে ও ভারতের সমঝোতা চুক্তির আওতায় পাঞ্জাবের কাপুরথালা রেলকোচ ফ্যাক্টরি থেকে এসব কোচ আনা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কোচগুলো দর্শনা থেকে ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে সরাসরি সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে।

প্রথম চালানের ১৮টি কোচের মধ্যে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, তিনটি এসি চেয়ার কার, দুটি এসি স্লিপার কেবিন এবং দুটি এসি পাওয়ার কার রয়েছে। এসব কোচে নন-এসি আসন ১০৪টি, এসি আসন ৮০টি এবং কেবিনে দিনে ৪৮টি ও রাতে ২৪টি আসন রয়েছে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এ সময় প্রকল্প পরিচালক মো. জয়দুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী পাকশীর কমান্ড্যান্ট মো. রেজওয়ান উর রহমান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাছিনা খাতুন, বিভাগীয় প্রকৌশলী-১ গৌতম বিশ্বাস, সহকারী কমান্ড্যান্ট মো. ফিরোজ আহমেদ এবং ভারতীয় প্রতিনিধি মিরাজ ও আকরামসহ উভয় দেশের রেলওয়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন