নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় রাজু আহমেদ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের চর মিরকামারী সেন্টারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু আহমেদ চর মিরকামারী সেন্টারপাড়া এলাকার মৃত সাইমুদ্দিন সরদারের ছেলে। তিনি স্থানীয় আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাজু আহমেদ বাড়ির পাশের রাস্তার ধারে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পরপরই মোটরসাইকেলটি তাঁকে প্রায় ২০ ফুট দূর পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায়, এতে তাঁর মাথার পেছনে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই ব্যক্তি ও মোটরসাইকেলটি নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে টিম পাঠায়। স্থানীয় লোকজনের হাতে আটক দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


