নিজস্ব প্রতিবেদক: পাবনার বেড়া উপজেলার চর নাকালিয়ার প্রত্যন্ত গ্রামে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী উৎসব ও জ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী আনন্দঘন পরিবেশে এই ভিন্নধর্মী মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে গ্রামীণ ঐতিহ্য অনুযায়ী চিড়া, মুড়ি-মুড়কি, খই ও বাতাসা দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়। এরপর পেঁচাকোলা ও চর নাকালিয়া কমিউনিটির সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন।
ব্রেড-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এতে নিজেদের আত্মবিশ্বাস ও নতুন কিছু শেখার অভিজ্ঞতা বিনিময় করেন পেঁচাকোলা কমিউনিটির সদস্য মারুফা, দিলরুবা, আরিফুল ও শ্রাবন্তি। সাংস্কৃতিক পর্বে গ্রামীণ নৃত্য পরিবেশন করে মোহনা, মাইশা ও আঁখি। এছাড়া ‘নিজেদের শক্তি ব্যবহার করে পরিবর্তন’ শীর্ষক একটি সচেতনতামূলক নাটিকা পরিবেশন করে ‘টিম টাইগার’-এর সদস্য মুরাদ, আকাশ ও সরোয়ার।
মেলায় শিশুদের খেলাধুলা ছাড়াও বিশেষ আকর্ষণ ছিল জ্ঞান মেলার বিভিন্ন স্টল ও উপস্থাপনা। এতে রাস্তা মেরামত, জলাবদ্ধতা নিরসন এবং ডাস্টবিন স্থাপন ও পরিষ্কার পরিবেশ নিশ্চিত করার মতো জনহিতকর উদ্যোগগুলো তুলে ধরা হয়। এসব উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেন কৃষ্ণচূড়া টিমের মনিকা খাতুন; যমুনা টিমের কলি, শ্রাবন্তি, রাশেদুল ও সাদিয়া; টিয়া টিমের মারুফা ও ফাতেমা; জবা টিমের হাজেরা ও আনোয়ার এবং টিম টাইগারের আরিফুল।
অনুষ্ঠানে ‘অন্যান্য কমিউনিটির কণ্ঠে পরিবর্তন: বাংলাদেশ কোহর্টের গল্প’ শীর্ষক অভিজ্ঞতা বিনিময় করেন পার্টনার সংগঠন এপসি বাংলাদেশের সদস্যরা।
ব্রেড-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আশিকুর রহমান ও ডেপুটি ডিরেক্টর হুমায়রা ইয়াসমিন পিয়া অনুষ্ঠানটি সমন্বয় করেন। চর নাকালিয়া কমিউনিটির সদস্য সাদিয়া খাতুনের সঞ্চালনায় এতে সহযোগিতা করেন সল্ট ফেসিলিটেটর বায়েজিদ বোস্তামী।
দিনশেষে ঐতিহ্যবাহী লাঠি খেলা, জারি গান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। আয়োজকরা জানান, এই মেলার মূল লক্ষ্য ছিল জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে গ্রামীণ নেতৃত্বে টেকসই উন্নয়ন নিশ্চিত করা।


