সুপ্ত শিখা স্কুলে শিক্ষাসামগ্রী পেল বিশেষ শিশুরা

নিজস্ব প্রতিবেদক: পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নে অবস্থিত 'সুপ্ত শিখা স্কুলে' বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)। সহযোগিতায় ছিল গ্লোবাল ফান্ড ফর চিলড্রেন ইউএস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোরশেদুল ইসলাম। সভাপতিত্ব করেন সুপ্ত শিখা স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোরশেদুল ইসলাম বলেন, 'প্রতিবন্ধীদের বোঝা না ভেবে, ভালোবাসা দিয়ে তাদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। অটিস্টিক শিশুদের শুধু পাঠ্যপুস্তকে আটকে না রেখে খেলাধুলায়ও আগ্রহী করে তুলতে হবে, যেন তারা আনন্দের মধ্য দিয়ে শেখে।' 

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা এই বিশেষ শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যে শ্রম দিচ্ছেন, তা প্রশংসার দাবিদার। প্রশাসনের পক্ষ থেকে এই স্কুলের পাশে থাকার চেষ্টা করব।' 

অনুষ্ঠানে ব্রেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কার্যক্রম সমন্বয়কারী আশিকুর রহমান, এ এইচ এ গিফারী, বায়েজিদ বোস্তামী ও আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। তারা উৎসাহ ও উচ্ছ্বাসের সঙ্গে পুরো আয়োজনে অংশ নেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন