নারী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নারী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে পাটের মৌসুম, চাষি ও নারীরাও মাঠে ব্যস্ত


নিজস্ব প্রতিবেদক: চলতি বর্ষায় নদ-নদী ও খাল-বিলে যথাসময়ে পানি আসায় ঈশ্বরদীতে পাট কাটা, জাগ দেওয়া, পাটের আঁশ ছাড়ানো ও শুকানোর কাজ এখন তুঙ্গে। উপজেলার পাটচাষিরা ব্যস্ত সময় পার করছেন, আর বাড়তি আয়ের আশায় স্থানীয় নারীরাও পাটের আঁশ ছাড়ানোর কাজে যুক্ত হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, মুলাডুলি, দাশুড়িয়াসহ বিভিন্ন গ্রামে নারীরা নিজেদের জমির পাশাপাশি অন্যের পাটের আঁশ ছাড়িয়ে পাটখড়ি সংগ্রহ করছেন। খাল-বিল ও রাস্তার পাশে নারীদের পাট ছাড়ার দৃশ্যও চোখে পড়ে। তারা পাটখড়ি আঁটি হিসেবে বিক্রি করছেন বা রান্নার জ্বালানি ও গৃহস্থালিতে ব্যবহার করছেন। অনেক নিম্নবিত্ত পরিবারের গৃহিণী দলবেঁধে খোলা জায়গায় বসে পাট ছাড়ার কাজ করছেন।

কৃষকরা অনেক জায়গায় পাটের আঁশ ছাড়াতে আলাদা মজুরি দিচ্ছেন না। নারীরা পাট গাছ থেকে পাট আলাদা করে পাটখড়ি নিয়ে বাড়িতে শুকিয়ে আশপাশের হাট বা পাইকারের কাছে বিক্রি করছেন। উপজেলা জুড়ে মুলাডুলি, দাশুড়িয়া, সাহাপুর, লক্ষীকুন্ডা, সাঁড়া ও ঈশ্বরদী বাইপাস স্টেশন এলাকায় সবচেয়ে বেশি পাট চাষ হয়।

গত বছর পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল। তবে এবার পাট খেত ও সংলগ্ন খাল-বিলে জাগ দেওয়া সম্ভব হওয়ায় পরিবহন খরচ কমেছে। এবছর বিভিন্ন হাটে পাটের দাম মণপ্রতি ২৮০০–৩০০০ টাকা, যা গত বছরের তুলনায় ২০০–৩০০ টাকা কম। তবে ভালো ফলনের কারণে চাষীরা ভালো মুনাফা আশা করছেন। অনেকে অধিক লাভের আশায় পাট মজুত করে রাখছেন।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৩৬৫ হেক্টর জমিতে মেস্তা পাটসহ বিভিন্ন জাতের পাট চাষ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৫ হেক্টর কম। তবে আগাম বৃষ্টিপাতের কারণে চাষিরা পাট কেটে খেতের আশেপাশেই জাগ দিতে পারছেন, ফলে পরিবহন খরচও কমেছে।

বিয়ের আশ্বাসে প্রেম, শেষে ধর্ষণ: ঈশ্বরদীতে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বিয়ের আশ্বাসে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল এক কলেজছাত্রীর সঙ্গে। সেই সম্পর্কের সুযোগ নিয়ে প্রেমিক একাধিকবার তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন। পরবর্তীতে তরুণী গর্ভবতী হলে বিয়ে তো করেনইনি, উল্টো সন্তান নষ্ট করতে চাপ দেন প্রেমিক। শেষ পর্যন্ত সেই প্রেমিকের বিরুদ্ধেই ধর্ষণের মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার পর অভিযুক্ত যুবক শিমুল হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার দিবাগত রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া শিমুল সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর বালুরখাদ মোড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে পড়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে শিমুলের সঙ্গে এক তরুণীর পরিচয় হয়। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং তারা বিভিন্ন জায়গায় একসঙ্গে সময় কাটান। এই ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে শিমুল একাধিকবার তরুণীকে শারীরিকভাবে ব্যবহার করেন। 

গত বছরের ২৫ নভেম্বর মুলাডুলির একটি পার্কে শারীরিক সম্পর্কের প্রস্তাবে রাজি না হওয়ায় শিমুল তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। প্রায় এক মাস পর তরুণী গর্ভবতী হওয়ার বিষয়টি জানতে পেরে শিমুলকে জানান। কিন্তু শিমুল গর্ভপাতের জন্য চাপ দেন এবং জানান, সন্তান রেখে দিলে তিনি বিয়ে করবেন না। বাধ্য হয়ে তরুণী শিমুলের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। কিন্তু তার পরিবার বিয়েতে রাজি না হয়ে উল্টো অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। পরে তরুণী ঈশ্বরদী থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিমুল ভুক্তভোগীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

রূপপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকার মাটির স্তুপ থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার  দুপুরে পাকশী রেলওয়ে স্টেশনের শেষ প্রান্তে এ মরদেহটি পাওয়া যায়। নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে স্থানীয় কয়েকজন শ্রমিক কাজের জন্য বের হলে প্রকল্পের ভরাট করা মাটির স্তুপের ওপরে লম্বা কালো চুলের মতো কিছু একটা দেখতে পান। কাছে গিয়ে দেখেন, কালো সালোয়ার কামিজ পরা এক নারীর মরদেহ পড়ে আছে, গলায় প্যাঁচানো রয়েছে একটি ওড়না। বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত পুলিশকে খবর দেন।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছি। পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে জানানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

লালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক:  অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন- প্রতিপাদ্যে নাটোরের লালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে ডাসকো ফাউন্ডেশন। নেট্জ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বৃহস্পতিবার সকালে আড়বাব ইউনিয়নে একটি র‍্যালি বের করা হয়। পরে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দীপ্তি রাণী, আর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেসুর রহমান। সভা পরিচালনা করেন সুনীল কুমার রায়।

বিশেষ অতিথি ছিলেন নিউ এরা ফাউন্ডেশনের পরিচালক ও সংবাদ সাতদিন পত্রিকার সম্পাদক মোস্তাক আহমেদ কিরণ।

বক্তারা বলেন, 'নারীরা শিক্ষিত হলে পুরো সমাজ এগিয়ে যাবে। ছেলে-মেয়ের মধ্যে বৈষম্য করা যাবে না। নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে।'

 তারা আরও বলেন, 'দেশজুড়ে আলোচিত আছিয়ার নির্মম হত্যাকাণ্ড আমাদের সবাইকে ব্যথিত করেছে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস থাকতে হবে।'

আলোচনায় আরও অংশ নেন নিজেরা করি সংস্থার রিনা রায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঈশ্বরদীতে নারীকে বেঁধে জুতার মালা

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে চুরির অভিযোগে মধ্যবয়সী (৫৪) এক নারীকে লোহার খুঁটির সঙ্গে বেঁধে গলায় জুতা-স্যান্ডেলের মালা পরিয়ে শাস্তি দিয়েছেন কয়েক জন যুবক।

সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে ঈশ্বরদী থানা হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের বহির্বিভাগের সামনে দাঁড়িয়ে ছিলেন এক নারী। সে সময় কিছু যুবক তাঁকে 'টাকা ও সোনাদানা' চুরির অভিযোগে আটক করে। তাঁদের মধ্যে ছিলেন ভাটাপাড়া বকুলের মোড় এলাকার আপন হোসেন দেশ ও মুর্শিদপুরের দাশুড়িয়া এলাকার মো. আশিক। তারা ওই নারীকে হাসপাতালের সামনে নিয়ে গিয়ে লোহার খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে,  জুতা-স্যান্ডেলের মালা পরিয়ে প্রকাশ্যে নির্যাতন চালায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত এসে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘চুরির সন্দেহে আটক ওই নারীর বিরুদ্ধে কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। তবে বিষয়টি জানার পরপরই আমি দ্রুতই ওই নারীকে পরিস্থিতি থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।’

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন