রূপপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকার মাটির স্তুপ থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার  দুপুরে পাকশী রেলওয়ে স্টেশনের শেষ প্রান্তে এ মরদেহটি পাওয়া যায়। নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে স্থানীয় কয়েকজন শ্রমিক কাজের জন্য বের হলে প্রকল্পের ভরাট করা মাটির স্তুপের ওপরে লম্বা কালো চুলের মতো কিছু একটা দেখতে পান। কাছে গিয়ে দেখেন, কালো সালোয়ার কামিজ পরা এক নারীর মরদেহ পড়ে আছে, গলায় প্যাঁচানো রয়েছে একটি ওড়না। বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত পুলিশকে খবর দেন।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছি। পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে জানানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন