লালপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লালপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

লালপুরে বিনামূল্যে ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসাসেবা


নিজস্ব প্রতিবেদন: নাটোরের লালপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শনিবার নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।


দিনব্যাপী এই কার্যক্রমে মোট ৩০৬ জন রোগীকে চোখ পরীক্ষার পর চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ২৪৮ জনকে বিনা মূল্যে ব্যবস্থাপত্র এবং ১২১ জনকে চশমা দেওয়া হয়। এ ছাড়া পরীক্ষায় ৩৭ জন ছানি রোগীসহ অন্যান্য চক্ষু সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করা হয়। শনাক্ত হওয়া ছানি রোগীদের বগুড়ার গাক চক্ষু হাসপাতালের মাধ্যমে বিনা মূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।

ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও পরিচালক মোস্তাক আহমেদ কিরণ। এ সময় নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. গাওছুল আজম, সহকারী প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান এবং নিউ এরা ফাউন্ডেশনের সহকারী পরিচালক (প্রোগ্রাম) মো. শমসের আলীসহ সংস্থাটির কর্মকর্তা ও স্থানীয় স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদীর পদ্মায় জেলেদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন চার জেলে। হামলাকারীদের লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন তাঁরা।

শনিবার দুপুরে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া ঘাটসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাটোরের লালপুর উপজেলার ১০ থেকে ১১ জন জেলে ইঞ্জিনচালিত নৌকায় পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে জেলেদের নৌকা থেকে পাড়ে তুলে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের ভোঁতা অংশ দিয়ে মারধর করা হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সাইদুর মণ্ডল, সোহেল রানা ও মজনু বাড়ি ফিরে গেলেও শিশির আহমেদ হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন- লালপুর উপজেলার তিলকপুর গ্রামের মোহাম্মদ মণ্ডলের ছেলে সাইদুর মণ্ডল (৬৫), সমতউল্লা প্রামাণিকের ছেলে সোহেল রানা (৩৭), মজেল প্রামাণিকের ছেলে মজনু (৪২) এবং সোহেল রানার ছেলে শিশির আহমেদ (১৮)। 

লক্ষীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শফিকুল ইসলাম বলেন, জেলেরা নৌকায় করে নদীতে মাছ ধরার সময় মাজদিয়ার ইসলামপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছে। 

অন্যদিকে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, পদ্মা নদীর মাঝখানে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে কোনো আলামত পাওয়া যায়নি। 

কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, উপকরণ পেলেন কৃষকেরা

নিজস্ব প্রতিবেদক: কৃষি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের সহায়তায় সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

শনিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় কৃষকদের মধ্যে রোপা আমন ধানের উন্নত বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, বৃক্ষরোপণ কর্মসূচির চারা ও জৈব সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম মোল্লা, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালপুরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলার কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেন।

অনুষ্ঠানের শেষে কৃষকদের হাতে প্রণোদনার সামগ্রী তুলে দেওয়া হয়। এই উদ্যোগ চাষাবাদে নতুন উদ্দীপনা জোগাবে বলে আশা প্রকাশ করা হয়।

শ্রদ্ধা ও স্মরণে নর্থ বেঙ্গল সুগার মিলে ৫ মে গণহত্যা দিবস

নিজস্ব প্রতিবেদক:  নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে ‘৫ মে গণহত্যা দিবস’ পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী মিলটি ঘেরাও করে তৎকালীন প্রশাসকসহ ৪২ জন কর্মকর্তা-কর্মচারী ও শতাধিক সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে।

মঙ্গলবার সকালে মিল চত্বরে অবস্থিত ঐতিহাসিক ‘শহীদ সাগর’ চত্বরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনের নির্মম হত্যাযজ্ঞ দেশের ইতিহাসে এক শোকাবহ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর গণসমাধির নীরব সাক্ষী সেই পুকুরটির নাম রাখা হয় ‘শহীদ সাগর’। এ ছাড়া শহীদ তৎকালীন প্রশাসক লেফটেন্যান্ট আনোয়ারুল আজিমের নামানুসারে গোপালপুর রেলস্টেশনের নামকরণ করা হয় ‘আজিমনগর’।

বিভাগীয় কর্মকর্তা ও মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম মোলাম, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু। 

এ সময় শহীদ পরিবারের সদস্য ফরহাদ-উজ-জামান রুবেলসহ মিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ড সরকারের বড় সাফল্য: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:  একটি অনন্য ও বড় সাফল্য। পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে। দল, মত, ধর্ম কিংবা বর্ণ কোনো কিছুই এই কার্ড প্রাপ্তির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। আগামী মাসে আরও ৩৭ থেকে ৫০ হাজার পরিবারের কাছে এই সেবা পৌঁছে দেওয়া হবে।

মঙ্গলবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নারীপ্রধান পরিবারগুলোর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী জানান, পরীক্ষামূলক পর্যায়ে সারা দেশে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়া প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর ইতিমধ্যে সুবিধাভোগীদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে অর্থ পৌঁছে গেছে। এর অংশ হিসেবে লালপুর উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামে ৩৭৮ জনকে এই কার্ড প্রদান করা হয়েছে এবং প্রত্যেকে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পেয়েছেন।

বক্তব্যের একপর্যায়ে ফারজানা শারমীন পুতুল উল্লেখ করেন, "বিএনপির নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল এই ফ্যামিলি কার্ড। সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় এটি উদ্বোধন করা হয়েছে, যা বর্তমান সরকারের কর্মতৎপরতার একটি বড় প্রমাণ।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, নাটোর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব এবং লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান, নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে উপস্থিত সবার মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।

নর্থ বেঙ্গল চিনিকলে এবার ১১ হাজার টন চিনি উৎপন্ন

নিজস্ব প্রতিবেদক:  নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলসের ৯২তম আখমাড়াই মৌসুম শেষ হয়েছে। বৃহস্পতিবার রাতে মিল চত্বরে এক দোয়া ও মাহফিলের মাধ্যমে চলতি মৌসুমের সমাপ্তি ঘোষণা করা হয়।

মিলের ব্যবস্থাপক (উৎপাদন) মো. শাফীকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এবার মিলটি ১২৬ কর্মদিবসে মোট ১ লাখ ৯৫ হাজার ৯৪১ টন আখমাড়াই করেছে। চিনি উৎপাদন হয়েছে ১১ হাজার ৩৫০ টন। এ বছর মিলটি গত মৌসুমের চেয়ে ৮ হাজার টন বেশি আখমাড়াই করলেও চিনি উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ৬৫০ টন কম করেছে।

চিনিকল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২ লাখ টন আখমাড়াই করে ১৫ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ২০২৪ সালের ১৫ নভেম্বর মাড়াই মৌসুমের উদ্বোধন করেছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. আসহাব উদ্দিন বলেন, চলতি মৌসুমে এই মিলে মাড়াইয়ের জন্য ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ রোপণ করা হয়েছিল। এর মধ্যে মিলের নিজস্ব জমি ২ হাজার ৫০০ একর। কৃষকদের কাছ থেকে কেনার জন্য প্রতি মণ আখের মূল্য মিল গেটে ২৪০ টাকা ও মিলের ৩১টি ক্রয়কেন্দ্রে ২৩৭ টাকা দেওয়া হয়। আগামী ২০২৫-২৬ মৌসুমে ১৮ হাজার একর জমিতে আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা সফল করতে ৫ হাজার ৬০০ আখচাষির মধ্যে বীজ ও প্রায় ১২ কোটি টাকার সার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে কথা হলে মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া টুটুল বলেন, এই মিল জোনে যে পরিমাণ আখ উৎপাদন হয়, তাতে মিলের আখমাড়াই ক্ষমতা বাড়ানো দরকার। দৈনিক ক্ষমতা ৩ হাজার টনে উন্নীত করা সম্ভব হলে মৌসুমে ৩ লাখ টন মাড়াই করা সম্ভব হবে। এতে চাষিরা ধৈর্যহারা হবেন না। চিনির উৎপাদন বাড়বে ও বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

এবার আখ থেকে চিনি আহরণের হার ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে ৫ দশমিক ৮০ শতাংশ। এই লক্ষ্যমাত্রা অর্জন না হওয়া প্রসঙ্গে এমডি জানান, চিনি আহরণের বিষয়টি প্রকৃতিগতভাবে আখের ওপর নির্ভরশীল। এ ছাড়া দীর্ঘ ৯১ বছরের পুরোনো এই মিলের আধুনিকায়ন করা গেলে উৎপাদন প্রক্রিয়ার ঘাটতি (প্রসেস লস) কমে যাবে এবং চিনি আহরণের মাত্রা বাড়বে।

লালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক:  অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন- প্রতিপাদ্যে নাটোরের লালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে ডাসকো ফাউন্ডেশন। নেট্জ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বৃহস্পতিবার সকালে আড়বাব ইউনিয়নে একটি র‍্যালি বের করা হয়। পরে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দীপ্তি রাণী, আর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেসুর রহমান। সভা পরিচালনা করেন সুনীল কুমার রায়।

বিশেষ অতিথি ছিলেন নিউ এরা ফাউন্ডেশনের পরিচালক ও সংবাদ সাতদিন পত্রিকার সম্পাদক মোস্তাক আহমেদ কিরণ।

বক্তারা বলেন, 'নারীরা শিক্ষিত হলে পুরো সমাজ এগিয়ে যাবে। ছেলে-মেয়ের মধ্যে বৈষম্য করা যাবে না। নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে।'

 তারা আরও বলেন, 'দেশজুড়ে আলোচিত আছিয়ার নির্মম হত্যাকাণ্ড আমাদের সবাইকে ব্যথিত করেছে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস থাকতে হবে।'

আলোচনায় আরও অংশ নেন নিজেরা করি সংস্থার রিনা রায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অর্জুনপুরে নিউ এরা ফাউন্ডেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: লালপুর উপজেলার বিলায়েত খান উচ্চ বিদ্যালয় মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল খান। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং পরিচালক মোস্তাক আহমেদ কিরণের সঞ্চালনায় আয়োজনে আরও উপস্থিত ছিলেন অর্জুনপুর বরমহাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবেদ আলী, ইউনিয়ন জামায়াত ইসলামের আমির শরিফুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. নাজমুল খান বলেন, 'শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। এতে তাদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে এবং তারা মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হয়ে গড়ে উঠতে পারে।'

ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, 'শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতির চর্চা করাও জরুরি। এতে মন ও শরীর ভালো থাকে এবং ভবিষ্যতে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে।' তিনি শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে থাকার পরামর্শও দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী উন্নয়ন কেন্দ্রের পরিচালক নাসরিন আক্তার শেলি, সমাজসেবক হাসান আলী মণ্ডল, আব্দুর রাজ্জাক, আফাজ আলী, ইউপি সদস্য সাহাবুল ইসলাম, রুকসানা বেগম, সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসসহ ফাউন্ডেশনের কর্মকর্তারা, শিক্ষক, শিক্ষিকা, সেবিকা এবং শিক্ষার্থীরা।

দিনব্যাপী আয়োজনে শিশু, কিশোর, যুবক, প্রবীণ, অভিভাবক, শিক্ষক ও সেবিকাদের জন্য ছিল চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা, দৌড়, গণিত দৌড়, গোলক নিক্ষেপ, চামচ দৌড়, মোরগযুদ্ধ, ভলিবলসহ নানা প্রতিযোগিতা। শেষে ৪১টি ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন ফাউন্ডেশনের উপ-পরিচালক ও সমৃদ্ধি ফোকাল পার্সন বি. এম. ফাহিম রহমান। সকাল শুরু হয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে।

নাটোরের লালপুরে নছিমনের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

নাটোরের দক্ষিণ লালপুর এলাকায় নছিমনের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যুর পর তাদের উদ্ধার করছেন স্থানীয়রা।

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় নছিমনের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে উপজেলার দক্ষিণ লালপুর এলাকার চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী বেগম ট্রেনযোগে নওগাঁয় বোনের বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ঈশ্বরদী-লালপুর প্রধান সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এসময় একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

এদিকে ভোরে একই উপজেলার গোধরা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন বনপাড়া হাইওয়ে থানার এসআই আলিমুল আল রাজি।

লালপুরে একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন বাবা-মেয়ে

লালপুর প্রতিনিধি: দীর্ঘ ২৫ বছর পর নিজের ইচ্ছা পূরণে ৪০ বছর বয়সে আবারও পড়াশোনা শুরু করেন চায়ের দোকনদার আব্দুল হান্নান। নিজের ইচ্ছাকে বাস্তবে রুপ দিতে এ বছর নাটোরের লালপুর থেকে মেয়ে হালিমা খাতুন (১৫) সঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন ৪০ বছর বয়সের বাবা আব্দুল হান্নান। 

উপজেলার লালপুর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি।

মেয়ে হালিমা খাতুন নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের মানবিক শাখা থেকে লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং আব্দুল হান্নান রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে লালপুর থানা বালিকা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

আব্দুল হান্নান বলেন, ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হই। তারপর আর লেখাপড়া করা হয়নি। এরপর বাবার দোকানে চায়ের ব্যবসা শুরু। চায়ের দোকানের ব্যবসার পাশাপাশি নিজস্ব জমিজমা চাষ করতেন তিনি। সেই দোকানের আয় ও জমিজমা চাষ করে স্ত্রী, দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে সংসার জীবনে বেশ ভালো আছেন।

তাহলে এ বয়সে আবারও পড়াশোনা কেন, এমন প্রশ্নের জবাবে আব্দুল হান্নান বলেন, ছাত্রজীবনের এসএসসি পাসের প্রবল ইচ্ছা দিনে দিনে তার মধ্যে প্রবল থেকে প্রবলতর হতে থাকে। এজন্য ২০২১ সালে তিনি উপজেলার রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ে নবম (ভোকেশনাল) শ্রেণিতে ভর্তি হন।

এই বয়সেও বাবা এসএসসি পরীক্ষা দেওয়ায় খুশি মেয়ে হালিমা খাতুন। সে বলে, বাবাকে নিয়ে আমি অনেক গর্ব করি। আমার বাবার অনেক মেধা আছে, ইচ্ছা শক্তি আছে। তাই এ বয়সে লেখাপড়া করার প্রবল ইচ্ছার কারণে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন তিনি। শিক্ষার কোনো বয়স নেই। সব বয়সে সবাই পড়াশোনা করতে পারে। তাই আমার বাবাকে দেখে অন্যরা পড়াশুনায় অনুপ্রাণিত হবে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন