ডিবি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ডিবি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি, উদ্ধার করেছে ডিবি


নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে জিম্মি করে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রাতভর অভিযান চালিয়ে মালামালসহ ট্রাক দুটি উদ্ধার করেছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মঙ্গলবার রাতে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকায় লালন শাহ সেতুর সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই মো. বিপ্লব নামে এক ব্যক্তি বাদী হয়ে ১০ থেকে ১২ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানা থেকে ঝুটবোঝাই ছয়টি ট্রাক বের হয়। রাত ৯টার দিকে পাকশীর দিয়াড় বাঘইল এলাকার একটি ডিজিটাল স্কেলে ওজন পরিমাপের জন্য ট্রাকগুলো নেওয়া হয়। এ সময় ১০-১২ জনের একটি সশস্ত্র দল মোটরসাইকেলে এসে চালক, সহকারী ও স্কেলের কর্মচারীদের মারধর করে ভয়ভীতি দেখায়। এরপর তারা ঝুটসহ দুটি ট্রাক ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।

ছিনতাই হওয়া ঝুটসহ মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।

পরবর্তীকালে ডাকাত দলটি পাকশীর নতুন রূপপুর স্কুলের পাশে কড়ইগাছের নিচে ট্রাক দুটি কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখে। সেখান থেকে পাবনা বিসিক এলাকায় নিয়ে পুনরায় ওজন মেপে বাইপাস সড়কসংলগ্ন গাছপাড়া এলাকায় অবস্থান নেয়। খবর পেয়ে ডিবি পুলিশ দ্রু অভিযান চালিয়ে চালকসহ মালামাল ও ট্রাক দুটি উদ্ধার করে।

ঘটনার বর্ণনা দিয়ে ডিবি কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, এটি স্রেফ ছিনতাই নয়, একটি সংঘবদ্ধ ডাকাতি। কারণ অপরাধীদের সংখ্যা ছিল ১০-১২ জন। পুলিশ পৌঁছানোর আগেই তারা একটি প্রাইভেট কারে পালিয়ে যায়। তবে অভিযুক্তদের নাম-পরিচয় শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুরো ঘটনাটি পাবনা জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করে দেখছে।

পাবনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: পাবনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন হক (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত।

সোমবার ভোরে জেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুমন ওই এলাকার মো. মোফাজ্জল হকের ছেলে।

ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুষ্পপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাঁকে আটক করা হয়।

পরে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে একটি নীল রঙের জিপার ব্যাগ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে আতাইকুলাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন বলে জানানো হয়।

পাবনার পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহ বলেন, ‘মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। পাবনাকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।’

ঈশ্বরদীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোররাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী একটি বসতবাড়িতে ঢুকে পালানোর চেষ্টা করেন। পরে নারী পুলিশ সদস্যের সহায়তায় তাঁকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৩৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নাটোর ও পাবনার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বড়াইগ্রাম, ঈশ্বরদীসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার হওয়া নারী হলেন নাটোর জেলার বড়াইগ্রাম থানার পূর্ণকলস কলেজপাড়া এলাকার লাবনী আক্তার রাখি (৩৬)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। 

ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ আবু বক্কার নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরইকান্দি ও পাবনা সদর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে মালিগাছা ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে আবু বক্কারকে আটক করা হয়। ধরার সময় আবু বক্কারের কাছে পাওয়া যায় একটি বন্দুক, একটি নীল ব্যাগে রাখা ৫০টি তাজা গুলি ও আরেকটি ব্যাগে থাকা ৬টি গুলি ।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলাম বলেন, 'আবু বক্কারকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'  

ঈশ্বরদীতে ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ৪৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কড়ইতলা এলাকায় একটি পানের দোকানের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আরমান আলী (৪৮)। তিনি উপজেলার পিয়ারাখালী গ্রামের বাসিন্দা। 

জেলা ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম জানান, আরমান আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁকে নজরদারিতে রাখা হয়েছিল। বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ফেনসিডিলের ৪৮টি বোতল উদ্ধার করা হয়। ঘটনার পর তাঁর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ঈশ্বরদীতে ডিবি পুলিশ সেজে বিকাশে টাকা আদায়, দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে পুলিশের গোয়েন্দা (ডিবি) সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে বিকাশে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া এলাকার এমপি মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সুজন নামের এক ব্যক্তি জানান, দুই যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে বিকাশে ১৫ হাজার টাকা আদায় করে। পরে তিনি বিষয়টি ঈশ্বরদী থানায় জানান।

খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে থানা পুলিশ ওই দুই যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ঈশ্বরদীর লক্ষীকুন্ডা গ্রামের সান্টু মণ্ডলের ছেলে মো. জনি ইসলাম এবং সাহাপুর ইউনিয়নের চরসাহাপুর গ্রামের টোকন প্রামাণিকের ছেলে মেহেদী।

ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আতাউল ইসলাম বলেন, 'গ্রেপ্তার হওয়া যুবকেরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা নিয়েছে।'

থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, 'তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।'

বিএনপির সমাবেশ নিয়ে নিরাপত্তার শঙ্কা নেই: ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেছেন, ‘তবে আমাদের যেই নিয়মিত নিরাপত্তা টহল-চেকপোস্ট চলে, সেটা চলবে।’

২২ অক্টোবর রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডিবিপ্রধান বলেন, ‘রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেবো। আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আমাদের কাছে নিরাপত্তার কোনো শঙ্কা নেই।’

বিএনপি নেতাদের গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘রাজধানীতে নানা উন্নয়নমূলক কাজ চলছে। কেউ যেন অপরাধমূলক কাজ বা বিশৃঙ্খলা করতে না পারে, তাই আমরা নিয়মিত টহল দিয়ে থাকি। আমাদের যেই নিয়মিত নিরাপত্তা টহল, চেকপোস্ট চলে- সেটা চলবে। কোনো রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে চেকপোস্ট, টহল চলে না। আপনারা দেখবেন এটা আমরা নিয়মিতই করি।’

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন