নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ আবু বক্কার নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরইকান্দি ও পাবনা সদর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে মালিগাছা ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে আবু বক্কারকে আটক করা হয়। ধরার সময় আবু বক্কারের কাছে পাওয়া যায় একটি বন্দুক, একটি নীল ব্যাগে রাখা ৫০টি তাজা গুলি ও আরেকটি ব্যাগে থাকা ৬টি গুলি ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলাম বলেন, 'আবু বক্কারকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'

