নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে পুলিশের গোয়েন্দা (ডিবি) সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে বিকাশে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া এলাকার এমপি মোড়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সুজন নামের এক ব্যক্তি জানান, দুই যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে বিকাশে ১৫ হাজার টাকা আদায় করে। পরে তিনি বিষয়টি ঈশ্বরদী থানায় জানান।
খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে থানা পুলিশ ওই দুই যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ঈশ্বরদীর লক্ষীকুন্ডা গ্রামের সান্টু মণ্ডলের ছেলে মো. জনি ইসলাম এবং সাহাপুর ইউনিয়নের চরসাহাপুর গ্রামের টোকন প্রামাণিকের ছেলে মেহেদী।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আতাউল ইসলাম বলেন, 'গ্রেপ্তার হওয়া যুবকেরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা নিয়েছে।'
থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, 'তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।'

