ঈশ্বরদীতে বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে পুলিশ এক অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পৌর শহরের নারিচা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ইসলামপুর ভূতেরগাড়ি গ্রামের আকরাম হোসেনের ছেলে মো. শাহান (২৩) এবং আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নারিচা এলাকার শাওন চা কোম্পানি এলাকার সড়কে তাদের আটক করা হয়। এ সময় একটি  পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তারা যে ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল ব্যবহার করছিল, সেটিও রেজিস্ট্রেশনবিহীন থাকায় জব্দ করা হয়েছে।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের থেকে অস্ত্রের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন