নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, নিহতদের মধ্যে রয়েছেন উপজেলার বাঘইল গ্রামের মৃত বাবু হোসেনের ছেলে রাব্বি হোসেন (৩০), তার স্ত্রী মুক্তা খাতুন (২৭) ও তাদের দুই বছরের সন্তান মুস্তাকিম। এছাড়া ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রতিডাভা গ্রামের রাতুল হোসেন (৩০) এবং ঈশ্বরদীর মোস্তফা জামান তোহা (২৫) প্রাণ হারিয়েছেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামসুদ্দিন হায়দার জানান, দুর্ঘটনায় আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই একজনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

