![]() |
| রোজিনা আক্তার রোজী (৩৭) |
নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় রোজিনা আক্তার রোজী (৩৭) নামে একজন সিনিয়র সেবিকা নিহত হয়েছেন। ২৪ আগষ্ট বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী বিমানবন্দর সড়কের গার্লস স্কুল অ্যান্ড কলেজ মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া গ্রামের আফজাল মালিথার মেয়ে রোজিনা আক্তার রোজী (৩৭)। তিনি ঈশ্বরদীর আলো জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সেবিকা হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতালের ম্যানেজার সুমন আলী বলেন, হাসপাতালের স্টাফ সোলাইমান হোসেনের স্ত্রীর প্রসব বেদনা ওঠে। তাই রোজিনাকে তার বাড়ি থেকে মোটরসাইকেলে আনতে যান সোলাইমান। আসার পথে সোলাইমান মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রোজিনা পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আহত রোজিনাসহ মোটরসাইকেল চালক সোলাইমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক রোজিনা আক্তার রোজীকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় গুরুতর আহত সোলাইমানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসমা খাতুন জানান, হাসপাতালে আনার আগেই দুর্ঘটনায় আহত রোজিনা মারা গেছেন। গুরুতর আহত মোটরসাইকেলচালক সোলাইমান হোসেনকে রাজশাহী মেডিকেলে
পাঠানো হয়েছে।

