নিহত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নিহত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ‘এক হাজারের বেশি’, হেরাতে আতঙ্ক

হেরাত প্রদেশের সারবুল্যান্ড গ্রামে ভূমিকম্পের পরে ক্ষতিগ্রস্ত বাড়ির পাশে কম্বলের নিচে বিশ্রাম নিচ্ছে আফগান শিশুরা।

আন্তর্জাতিক ডেক্স: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে আঘাত হানা শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ‘ছাড়িয়েছে এক হাজার’। এছাড়া ভূমিকম্পে আহত হয়েছেন আরও শত শত মানুষ।

এই ঘটনায় দেশটির হেরাত প্রদেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আফগানিস্তানের সরকারি মুখপাত্রের বরাত দিয়ে ৮ অক্টোবর রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে ধারাবাহিক কয়েকটি ভূমিকম্পে মৃতের সংখ্যা রোববার ব্যাপকভাবে বেড়ে ‘এক হাজারের বেশি’ হয়েছে বলে দেশটির একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন।

হেরাত প্রদেশে শনিবারের ৬.৩ মাত্রার ভূমিকম্পের বিষয়ে বিলাল করিমি নামের ওই মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, হতাহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি... মৃতের সংখ্যা এক হাজারেরও বেশি।

অন্যদিকে আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০০ জনে পৌঁছেছে বলে রেড ক্রিসেন্টের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের পর সর্বশেষ তথ্য অনুযায়ী ৫০০ জনের মৃত্যু হয়েছে বলে রেড ক্রিসেন্টের মুখপাত্র এরফানুল্লাহ শারাফজোই রোববার জানিয়েছেন।

শনিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ওই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর পাঁচটি বড় ধরনের আফটারশক হয়েছে; যার কেন্দ্রস্থল ছিল ওই অঞ্চলের বৃহত্তম শহরের কাছে।

কর্মকর্তাদের মতে, জিন্দা জান ও ঘোরিয়ান জেলার ১২টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুসারে, পশ্চিম আফগানিস্তানে ছয়টি ভূমিকম্প হয়েছে এবং যার মধ্যে সবচেয়ে বড়টি ছিল ৬.৩ মাত্রার। সংস্থাটি বলছে, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পাঁচটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফারাহ ও বাদঘিস প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়।

নিজেকে ডা. দানিশ হিসাবে পরিচয় দেওয়া হেরাতের স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ভূমিকম্পে নিহত ২০০ জনেরও বেশি ব্যক্তির মরদেহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আর ৫১০ জন আহত হয়েছেন। এই সংখ্যা পরিবর্তন হতে পারে।’

অন্যদিকে রেড ক্রিসেন্ট জানিয়েছে, ভূমিকম্পে নিহতদের অনেকের মৃতদেহ ‘সামরিক ঘাঁটি, হাসপাতালসহ অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে’। তাই আমরা নিহতের এই সংখ্যাটি নিশ্চিত বা প্রত্যাখ্যান করতে পারছি না।

নাসিমা নামে হেরাতের এক বাসিন্দা বলেন, ভূমিকম্প হেরাতে আতঙ্কের সৃষ্টি করেছে। রয়টার্সকে তিনি বলেন, ‘লোকেরা তাদের বাড়ি ছেড়ে চলে গেছে, আমরা সবাই রাস্তায় আছি।’

হেরাতের পূর্বাঞ্চলে ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে ইরানের সাথে। এই শহরটিকে আফগানিস্তানের সাংস্কৃতিক রাজধানী হিসেবে মনে করা হয়। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, হেরাত প্রদেশের রাজধানী হেরাত শহরে ১৯ লাখ মানুষের বসবাস রয়েছে।

গত বছরের জুনে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে। গত কয়েক দশকের মধ্যে আফগানিস্তানে সেটিই সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প ছিল বলে সেই সময় জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

এছাড়া চলতি বছরের মার্চে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় সাড়ে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে দুই দেশে অন্তত ১৩ জন নিহত হন।

মূলত হিন্দুকুশ পর্বতমালা ও ইউরেশীয়-ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থান হওয়ায় প্রায়ই ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান।

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত শিক্ষকের

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় ইসা মিয়া বাদল (৮০) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। 

উপজেলার বাংলাবান্ধা-তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের আজিজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসা মিয়া বাদল উপজেলার আজিজনগর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন। এলাকায় তিনি বাদল মাস্টার নামে পরিচিত। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাদল মাস্টার বাইসাইকেলে আজিজনগর রোড (পকেট রোড) থেকে বাড়িতে যাচ্ছিলেন। বাড়িতে যাওয়ার সময় মহাসড়কের কাছাকাছি গেলে সড়কটি উঁচু হওয়ায় সাইকেল থেকে নেমে সড়ক পার হওয়ার জন্য সড়কে ওঠার সময় পূর্বদিক থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে পাশের আনারস ক্ষেতে গিয়ে পড়ে। এতে বাদল মাস্টার গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয়দের অভিযোগ, প্রাইভেটকার চালকের নাম শ্রাবণ (২৫)। তিনি তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার ছেলে। তিনি এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে। 

তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) জাকির হোসেন মোল্লাহ বলেন, দুপুরে ইসা মিয়া ওরফে বাদল মাস্টার আজিজনগর রোড থেকে বাড়িতে যাওয়ার পথে জাতীয় মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় আহত হয়ে মারা গেছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাড়িটি জব্দ করেছি। এ বিষয়ে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পেলে তা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈশ্বরদীতে ১২ ঘণ্টা পর উল্টে যাওয়া ট্রাকের নিচ থেকে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মসুরের ডাল বোঝাই ট্রাক উল্টে আওলাদ হোসেন (১৯) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী-লালপুর মহাসড়কে উপজেলার সাঁড়া ইউনিয়ন এলাকায় উল্টে যাওয়া ট্রাকের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত আওলাদ জয়পুরহাট সদরের হাবিবপুর গ্রামের আলম হোসেনের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়ার গোপালপুর গ্রামে (ঈশ্বরদী-লালপুর মহাসড়ক) এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদকর্মী জিল্লুর রহমান জীবন জানান, হিলি থেকে মশুর ডাল বোঝাই একটি ট্রাক কুষ্টিয়া যাচ্ছিল। সকালে ট্রাকটি খাদে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা হেলপার ট্রাকের নিচে চাপা পরেন। সারাদিন চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রাকের নিচ থেকে হেলপার আওলাদের মরদেহ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদীতে ছাত্রলীগকর্মীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে তাফসির আহমেদ মনা (২৪) নামের এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে দশটার দিকে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের এমপির মোড়ে পাবনা ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিসে এই ঘটনা ঘটে।

নিহত তাফসির আহমেদ মনা পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামের সৌদিপ্রবাসী তানজির রহমান তুহিনের ছেলে ও (হাতকাটা) টুনটুনির আপন ছোট ভাই।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় জানান, নিহত তাফসির আহমেদ মনা পাকশী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ছিলেন।

নিহতের পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মনা পাকশী ইউনিয়নের রূপপুর ফটু মার্কেটসংলগ্ন পদ্মা নদী থেকে মাটি ও বালু কাটার সঙ্গে জড়িত ছিলেন। এই নিয়ে প্রতিপক্ষ যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীর সঙ্গে মনার পক্ষের লোকজনের বিরোধ সৃষ্টি হয়। কয়েক দিন আগে প্রতিপক্ষ ওই গোষ্ঠী মনার পক্ষের শাহিন নামের যুবলীগের এক কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এই ঘটনায় যুবলীগকর্মী মো. লিটন, লিখনসহ কয়েকজনের নামে থানায় মামলা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, লক্ষীকুন্ডা গ্রামের এমপি মোড়ে ইকবুলের দোকানে বসেছিলেন ছাত্রলীগ কর্মী মনা। এ সময় হেলমেট পরিহিত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে মনাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইশৎ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন